ভারতে বেড়েছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা, জেনেনিন একলাফে কততে পৌঁছলো?

প্রযুক্তি খাতের বিভিন্ন কোম্পানির জন্য ভারত এখন অন্যতম ব্যবসায়িক কেন্দ্র। অধিক জনসংখ্যা ও প্রযুক্তির প্রতি আগ্রহ থাকায় বিভিন্ন কোম্পানি কারখানা স্থাপন করেছে। সম্প্রতি টেলিকম খাতে ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)। তথ্যানুযায়ী জুনের শেষে ব্যবহারকারী বেড়ে ১১৭ কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানিগুলোর কারণে মূলত টেলিকম খাতে ব্যবহারকারী বেড়েছে। বিশেষ করে রিলায়েন্স জিওর নেটওয়ার্কে ২২ লাখ ৭০ হাজার এবং ভারতী এয়ারটেল ১৪ লাখ ব্যবহারকারী যুক্ত করেছে। মাসিক ব্যবহারকারীসংক্রান্ত এক প্রতিবেদনে ট্রাই জানায়, চলতি বছরের মে মাসে টেলিকম খাতে ভারতের ব্যবহারকারী ছিল ১১৭ কোটি ২৬ লাখ। জুনের শেষ নাগাদ তা ১১৭ কোটি ৩৯ লাখে পৌঁছেছে। মাস হিসেবে ব্যবহারকারী বৃদ্ধির হার দশমিক ১১ শতাংশ।

টেলিকম খাতে গ্রাহক হারিয়েছে রাষ্ট্র মালিকানাধীন বিএসএনএল, এমটিএনএল ও ভোডাফোন আইডিয়া (ভিআইএল)। যে কারণে সামগ্রিকভাবে গ্রাহক বাড়লেও নেতিবাচক প্রভাব পড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিএসএনএল ১৮ লাখ ৭০ হাজার, ভিআইএল ১২ লাখ ৮০ হাজার ও এমটিএনএল ১ লাখ ৫২ হাজার ৯১২ গ্রাহক হারিয়েছে।

অন্যদিকে টেলিকম অপারেটরগুলোর মাসিক ওয়্যারলেস ব্যবহারকারীর গড় ছিল ৩ লাখ ৭৩ হাজার ৬০২ জন। ট্রাই জানায়, মে মাসের শেষে ভারতে ওয়্যারলেস ব্যবহারকারী ছিল ১১৪ কোটি ৩২ লাখ। জুনের শেষে তা দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৪ কোটি ৩৬ লাখে পৌঁছেছে। মে মাসে সামান্য কমার পর জুনে ওয়্যারলাইন সংযোগের ব্যবহারকারী বেড়েছে।

এপিএফপিএল ওয়্যারলাইন খাতে গ্রাহক বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। জুনে কোম্পানিটি ৬ লাখ ৫৬ হাজার ৪২৪টি নতুন সংযোগ দিয়েছে। এরপর রিলায়েন্স জিও ২ লাখ ৮ হাজার ১৪ জন, ভারতী এয়ারটেল ১ লাখ ৩৪ হাজার ২১, ভি-কন মোবাইল ও ইনফ্রা ১৩ হাজার ১০০, টাটা টেলিসার্ভিসেস ১২ হাজার ৬১৭ এবং কোয়াড্র্যান্ট ৬ হাজার ৫৪০টি সংযোগ দিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, জুনের শেষে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা মে মাসের তুলনায় দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৮৬ কোটি ১৫ লাখ ছাড়িয়েছে। মে মাসে এর পরিমাণ ছিল ৮৫ কোটি ৬৮ লাখ।

ট্রাইয়ের প্রতিবেদনে বলা হয়, জুনের শেষে ভারতে মোট ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর ৯৮ দশমিক ৩৭ শতাংশই ছিল শীর্ষ পাঁচ কোম্পানির। এর মধ্যে রিলায়েন্স জিও ইনফোকম ৪৪ কোটি ৭৮ লাখ, ভারতী এয়ারটেল ২৪ কোটি ৮১ লাখ, ভোডাফোন আইডিয়া ১২ কোটি ৫০ লাখ, বিএসএনএল ২ কোটি ৪৬ লাখ ও আত্রিয়া কনভারজেন্স ২১ লাখ ৬০ হাজার নতুন সংযোগ দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *