স্ট্রেস-উদ্বেগ কি চক্রের ব্লকেজ? শরীরের ৭ এনার্জি সেন্টার ও আপনার মানসিক স্বাস্থ্যের গোপন যোগসূত্র

বর্তমান কর্মব্যস্ত জীবনে স্ট্রেস বা উদ্বেগ এখন নিত্যসঙ্গী। কিন্তু এই মানসিক চাপের গভীরতা একেক জনের ক্ষেত্রে একেক রকম। কেন সবাই সমানভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন না? এর পেছনে শারীরিক ও মানসিক কারণের পাশাপাশি একটি বড় ভূমিকা রয়েছে আমাদের শরীরের ‘এনার্জি সেন্টার’ বা ‘৭টি চক্র’-এর। প্রাচীন ভারতীয় যোগশাস্ত্র মতে, শরীরের এই চক্রগুলোই আমাদের মানসিক ও শারীরিক অবস্থার মূল নিয়ন্ত্রক।

শরীরের ৭টি চক্র কী? সহজ ভাষায়, আমাদের শরীরের ভেতরে শক্তির প্রবাহের সাতটি প্রধান কেন্দ্র বা ‘এনার্জি পয়েন্ট’ রয়েছে। মেরুদণ্ডের একেবারে শেষভাগ থেকে শুরু করে মাথার ওপর পর্যন্ত বিস্তৃত এই চক্রগুলি আমাদের আবেগ ও শারীরিক সুস্থতাকে পরিচালনা করে। এই ৭টি চক্র হলো:

১. মূলধারা: এটি মেরুদণ্ডের নিচে অবস্থিত। এটি আমাদের নিরাপত্তা ও স্থায়িত্বের সঙ্গে যুক্ত। ২. স্বাধিষ্ঠান: সৃজনশীলতা ও আবেগের কেন্দ্র। ৩. মণিপুর: আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের শক্তির আধার। ৪. অনাহত: হৃদপিণ্ডের কাছে অবস্থিত, যা ভালোবাসা ও সহানুভূতির প্রতীক। ৫. বিশুদ্ধ: যোগাযোগ এবং আত্মপ্রকাশের কেন্দ্র। ৬. আজ্ঞা: আমাদের অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞার বা বুদ্ধির কেন্দ্র। ৭. সহস্রার: মাথার ওপরের দিকে অবস্থিত, যা আধ্যাত্মিকতা ও চেতনার সর্বোচ্চ শিখর।

স্ট্রেস ও উদ্বেগের সঙ্গে সংযোগ বিশেষজ্ঞদের মতে, যখনই আমরা মানসিক চাপ, ট্রমা, তিক্ত অভিজ্ঞতা কিংবা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে যাই, তখন শরীরের এই নির্দিষ্ট এনার্জি সেন্টারগুলো ব্লকড বা অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে শক্তির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়।

  • ব্লকেজের লক্ষণ: যদি আপনার মূলধারা চক্র ব্লকড থাকে, তবে আপনি সারাক্ষণ অনিরাপদ বা ভয়ে ভুগবেন। মণিপুর চক্রে ব্লকেজ থাকলে আপনার মধ্যে প্রচণ্ড উদ্বেগ বা আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। আবার অনাহত চক্রের ভারসাম্য বিঘ্নিত হলে আপনি নিজেকে বিচ্ছিন্ন ও হতাশ অনুভব করতে পারেন।

চক্র ভারসাম্যপূর্ণ রাখার উপায় জীবনের এই এনার্জি সেন্টারগুলো ব্যালেন্স বা ভারসাম্যপূর্ণ রাখতে পারলে স্ট্রেস ও উদ্বেগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যোগব্যায়াম, প্রাণায়াম, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত মেডিটেশন বা ধ্যান শরীরের এই চক্রগুলোকে পুনরায় সক্রিয় করতে সাহায্য করে। যখন আপনি সচেতনভাবে নিজের মন ও শরীরের এই শক্তি কেন্দ্রগুলোকে বুঝতে শিখবেন, তখন বাইরের পরিস্থিতির সঙ্গে লড়াই করা অনেক সহজ হয়ে উঠবে।