অক্ষয় খন্নার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন কঙ্গনা! পাত্তা না পেয়ে শেষমেশ কী করলেন ‘কুইন’?

বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত বরাবরই তাঁর ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত। প্রেম থেকে বিবাদ—সবই তিনি প্রকাশ্যে আনেন সোজাসাপ্টা ভাবে। এবার বলিউড অভিনেতা অক্ষয় খন্নাকে নিয়ে এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উঠে এল এক পুরনো প্রেমকাহিনির খসড়া, যা বাস্তবে কোনোদিন রূপ পায়নি।
বর্তমানে অক্ষয় খন্না তাঁর ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের জোয়ারে ভাসছেন। দীর্ঘ কেরিয়ারে অনেক চড়াই-উতরাই দেখলেও অক্ষয় বরাবরই নিজেকে প্রচারের আলো থেকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবনে তিনি চিরকুমার থাকার সিদ্ধান্ত নিয়েছেন বহু আগে। তবে কঙ্গনা রানাউত একবার তাঁর এই একাকীত্বের প্রাচীর ভাঙার চেষ্টা করেছিলেন। কঙ্গনা জানান, ‘নো প্রবলেম’ ছবির শুটিং চলাকালীন অক্ষয়ের ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হয়েছিলেন। শুধুমাত্র ভাল লাগাই নয়, অক্ষয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর ইচ্ছাও ছিল তাঁর।
কঙ্গনার কথায়, “আমি বহুবার ওর সাথে কথা বলার চেষ্টা করেছি। নানাভাবে যোগাযোগের চেষ্টা চালিয়েছি যাতে বন্ধুত্বের হাত বাড়ানো যায়। আমার পরিকল্পনা ছিল বন্ধুত্বের পর প্রেমের প্রস্তাব দেওয়ার। কিন্তু অক্ষয় ছিল ধরাছোঁয়ার বাইরে।” অভিনেত্রী আক্ষেপের সুরে জানান, অক্ষয় সেটে কারও সাথেই খুব একটা মিশতেন না, এমনকি কঙ্গনার সাথেও কথা বলতেন না। ফলে কঙ্গনার সেই প্রেম অঙ্কুরেই বিনষ্ট হয়। অন্যদিকে, অক্ষয় খন্না বরাবরই স্পষ্ট করেছেন যে তিনি একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বিয়ের মতো বড় দায়িত্ব নিতে তিনি মানসিকভাবে প্রস্তুত নন। গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যও তাঁকে তাঁর আদর্শ থেকে টলাতে পারেনি।