বর্ডার ২-র গর্জন! ৯ দিনেই ২৫০ কোটির দোরগোড়ায় সানি দেওল, ধুলোবালি উড়ল ৪টি ব্লকবাস্টারের!

সানি দেওল মানেই যে বড় পর্দায় দেশপ্রেমের জোয়ার, তা ফের প্রমাণ করল ‘বর্ডার ২’। মুক্তির নবম দিনেও এই ছবি বক্স অফিসে যে শক্ত অবস্থান ধরে রেখেছে, তা দেখে তাজ্জব ট্রেড অ্যানালিস্টরা। প্রথম ৮ দিনে ২৩৫ কোটি টাকা আয়ের পর, দ্বিতীয় শনিবারেও সানি ম্যাজিক অটুট।

৯ম দিনের পরিসংখ্যান ও চমক: স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, নবম দিনে ভারতের বাজারে এই ছবি সব ভাষা মিলিয়ে প্রায় ১১.৩৮ কোটি টাকা আয় করেছে। সাধারণত দ্বিতীয় সপ্তাহে অধিকাংশ ছবির আয় নিম্নমুখী হয়, কিন্তু ‘বর্ডার ২’ দ্বিতীয় শুক্রবারের তুলনায় শনিবার আরও ভালো ফল করেছে। ফলে ৯ দিন শেষে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে প্রায় ২৪৬.৩৮ কোটি টাকা। আশা করা হচ্ছে, রবিবারের মধ্যেই ২৫০ কোটির মাইলফলক স্পর্শ করবে এই ছবি।

পিছনে ফেলল চার বিগ বাজেট ছবিকে: শুধুমাত্র দেশের বাজারে নয়, বিশ্বজুড়ে (Worldwide) বর্ডার ২-র কালেকশন এখন ৩৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে। এই যাত্রায় সানি দেওলের ছবি বক্স অফিস দৌড়ে হেলায় হারিয়ে দিয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘দৃশ্যম ২’, ‘ব্যাং ব্যাং’ এবং ‘আরআরআর (হিন্দি)’-এর মতো হিট ছবিগুলির লাইফটাইম কালেকশনকে। হাই-ভোল্টেজ অ্যাকশন আর ইমোশনের মেলবন্ধনে দর্শকরা হলমুখী হচ্ছেন দলে দলে।