একই দিনে জোড়া ভারত-পাক লড়াই! ফেব্রুয়ারিতেই ৩ বার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী, কাঁপবে ক্রিকেট দুনিয়া!

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপন হলো ভারত-পাকিস্তান ম্যাচ। আর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি ক্রিকেট ভক্তদের জন্য হতে চলেছে এক স্মরণীয় অধ্যায়। এই এক মাসেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে শুরু করে সিনিয়র টি-টোয়েন্টি বিশ্বকাপ—মোট তিনবার একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে এই দুই শক্তি।

প্রথম লড়াই: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (১ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেখা যাবে আগামীর তারকাদের লড়াই। ১ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়ায়োতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘সুপার সিক্স’ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের জন্য এটি জীবন-মরণ ম্যাচ, সেমিফাইনালে যেতে হলে ভারতকে বড় ব্যবধানে হারাতেই হবে তাদের। অন্যদিকে অপরাজিত টিম ইন্ডিয়া চাইবে তাদের জয়ের ধারা বজায় রাখতে।

দ্বিতীয় লড়াই: মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ (১৫ ফেব্রুয়ারি) ফেব্রুয়ারির সবচেয়ে বড় আকর্ষন হলো পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ ফেব্রুয়ারি (রবিবার) শ্রীলঙ্কার কলম্বোতে আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে রোহিত-বাবরদের উত্তরসূরিরা। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচটি নিয়ে ইতিমধ্যেই টিকিটের হাহাকার শুরু হয়েছে। আইসিসি-র এই মেগা ইভেন্টে ভারতের পাল্লা বরাবরই ভারী থাকে, তাই এবারও এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

তৃতীয় লড়াই: ওমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্স (১৫ ফেব্রুয়ারি) ১৫ ফেব্রুয়ারি দিনটি ক্রিকেট ইতিহাসের পাতায় নাম লেখাবে, কারণ সেদিনই ব্যাংককের মাটিতে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের মহিলা দল। ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। অর্থাৎ, একই দিনে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারের সাথে দু-দুটি ভারত-পাক লড়াই উপভোগ করার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা।