ইউক্রেন কানেকশন ও ৬৬০০ কোটির ক্রিপ্টো কেলেঙ্কারি! রাজ কুন্দ্রার ডিজিটাল ওয়ালেটে কি তবে চুরির ধন?

পর্নোগ্রাফি এবং ৬০ কোটির আর্থিক তছরুপের পর এবার বিটকয়েন কেলেঙ্কারিতে বড়সড় বিপাকে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ৬৬০০ কোটি টাকার ‘গেইন বিটকয়েন’ পঞ্জি স্ক্যাম মামলায় তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী ১৯ জানুয়ারি তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইডির দাবি, রাজ কুন্দ্রার কাছে বর্তমানে ২৮৫টি বিটকয়েন রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৫০.৪৭ কোটি টাকা।

তদন্তকারীদের অভিযোগ, ২০১৭ সালে ভরদ্বাজ গোষ্ঠীর ‘ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড’ সংস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের মাসে ১০% লাভের টোপ দিয়ে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়। ইউক্রেনে বিটকয়েন মাইনিং প্রকল্প তৈরির নামে রাজ কুন্দ্রা ওই বিপুল পরিমাণ ক্রিপ্টো কারেন্সি হাতিয়েছিলেন বলে ইডির দাবি। যদিও রাজ নিজেকে কেবল ‘মধ্যস্থতাকারী’ বলে দাবি করেছেন, কিন্তু তদন্তে জানা গেছে ওই বিটকয়েনগুলি এখনও তাঁর দখলেই রয়েছে এবং তিনি সেগুলির উৎস গোপন করছেন।

আইপিএল বাজি কেলেঙ্কারি থেকে শুরু করে পর্ন কাণ্ড—বারবার বিতর্কে জড়ানো কুন্দ্রার জন্য এই নতুন মামলা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নিজের ডিজিটাল ওয়ালেটের ঠিকানা ইডি-র কাছে না দেওয়ায় তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও উঠেছে। এখন দেখার, ১৯ জানুয়ারি রাজের জবাবে সন্তুষ্ট হয় কি না আদালত।