বিচ্ছেদ জল্পনা অতীত, বিয়ে বাড়িতে ঐশ্বর্য আরাধ্যার সঙ্গে জমিয়ে নাচলেন অভিষেক! দেখুন ভিডিও

বেশ কিছুদিন ধরেই বলিউড পাড়ায় অভিনেতা অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা চলছিল। এমনকি এই গুঞ্জনের মাঝে অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের নামও জড়িয়েছিল। তবে সেই সমস্ত গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বচ্চন পরিবার যে একসঙ্গেই রয়েছেন, তার প্রমাণ মিলছে প্রায়শই। সম্প্রতি একটি বিয়ে বাড়িতে স্ত্রী ঐশ্বর্য এবং কন্যা আরাধ্যাকে নিয়ে উপস্থিত হলেন জুনিয়র বচ্চন। শুধু উপস্থিতই নয়, সেখানে জমিয়ে নাচতেও দেখা গেল গোটা বচ্চন পরিবারকে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জমকালো বিয়ে বাড়িতে অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্যা উপস্থিত রয়েছেন এবং অন্যান্য অতিথিদের সঙ্গে তাঁরাও গানের সুরে মেতে উঠেছেন। সেখানে গান গাইছিলেন ইন্ডিয়ান আইডল সিজন ওয়ানের খ্যাত গায়ক রাহুল বৈদ্য। তিনি তাঁদের বহু জনপ্রিয় গান ‘কাজরা রে’ গাইতে শুরু করতেই গানের তালে কোমর দোলাতে শুরু করেন ঐশ্বর্য ও আরাধ্যা। মা-মেয়ের নাচ দেখে তাঁদের পাশে দাঁড়িয়ে হাসিমুখে হাততালি দিয়ে উৎসাহ দিতে দেখা যায় অভিষেককে। ভিডিওতে তিনজনের মুখেই ছিল উচ্ছ্বাস ও আনন্দের ছাপ।

বিয়ে বাড়ির জন্য এদিন অভিষেক বচ্চন একটি সাদা শেরওয়ানি বেছে নিয়েছিলেন। অন্যদিকে, ঐশ্বর্য এবং আরাধ্যা দুজনেই পরেছিলেন আইভরি রঙের লেহেঙ্গা। মা ও মেয়ের পোশাকে ছিল রঙের সুন্দর মিল।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত, বিগত প্রায় এক বছর ধরে অভিষেক ও ঐশ্বর্য রাইয়ের বিচ্ছেদ নিয়ে ব্যাপক গুঞ্জন চলছিল বলিউড পাড়ায়। সেসময় ঐশ্বর্য বহু অনুষ্ঠানে শুধুমাত্র আরাধ্যাকে নিয়ে উপস্থিত হতেন, অন্যদিকে বচ্চন পরিবারের সঙ্গে অভিষেককে দেখা যেত আলাদাভাবে। এই পরিস্থিতিতেই অভিষেককে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে জড়িয়ে নানা কথা রটেছিল। তবে ২০২৪ সালের শেষ দিক থেকে ঐশ্বর্য ও অভিষেককে আবারও একসঙ্গে দেখা যেতে শুরু করে বিভিন্ন জনসমক্ষে, যা জল্পনা প্রশমিত করতে শুরু করে।

সদ্যই গত ২০ এপ্রিল ছিল এই দম্পতির ১৮ তম বিবাহবার্ষিকী। ২০০৭ সালের ২০ এপ্রিল রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতপাকে বাঁধা পড়েছিলেন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চন। ডিভোর্সের জল্পনা উড়িয়ে নিজেদের বিবাহবার্ষিকীর দিনেও অভিষেক ও আরাধ্যাকে সঙ্গে নিয়ে ঐশ্বর্য এক ফ্রেমে ছবি পোস্ট করেছিলেন, যা তাঁদের সম্পর্কের দৃঢ়তাকেই প্রমাণ করে।

সব মিলিয়ে, এই বিয়ে বাড়ির ভিডিও এবং তাঁদের একসঙ্গে জনসমক্ষে আসা এটাই প্রমাণ করে যে অভিষেক ও ঐশ্বর্যর বিচ্ছেদের জল্পনা ভিত্তিহীন ছিল এবং তাঁরা সুখে সংসার করছেন। তাঁদের এই ভাইরাল ভিডিও আপাতত সমস্ত গুজবে জল ঢেলে দিয়েছে।