শ্যুটিং সামলেও দুর্দান্ত রেজাল্ট! CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কত নম্বর পেল ‘পূবের ময়না’র ঐশানী

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) সম্প্রতি চলতি বছরের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করেছে। পরীক্ষা শেষের মাত্র ৩৯ দিনের মাথায় প্রকাশিত এই ফলে চমক দেখিয়েছেন অনেক পরীক্ষার্থী। তাঁদের মধ্যেই অন্যতম হলেন টলিপাড়ার জনপ্রিয় টিভি তারকা, ‘পূবের ময়না’ সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয় করা ঐশানী দে। অভিনয় জীবনের ব্যস্ততার মধ্যেও দুর্দান্ত রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই তরুণী অভিনেত্রী।

কেমন হয়েছে ঐশানীর রেজাল্ট? এ বিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে ঐশানীর মা অঞ্জনা দে মুখোপাধ্যায় বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, “ওর রেজাল্ট খুবই ভালো হয়েছে। এবার ও ৯২ শতাংশ নম্বর পেয়েছে। এটা যে ও পাবে, আমরা তো ভাবতেই পারিনি। কারণ যখন ঐশানীর পরীক্ষা চলছিল তখন ওর শ্যুটিংও চলছিল।”

অঞ্জনা দেবী জানান, শ্যুটিং এবং পড়াশোনা একসঙ্গে সামলানোটা ঐশানীর জন্য কঠিন ছিল। সে পরীক্ষা দিয়ে এসে সরাসরি শ্যুটিংয়ে চলে যেত এবং রাতে মাত্র ১-২ ঘণ্টা পড়ার সময় পেত। এত কম সময় পেয়েও তার এই রেজাল্ট সত্যিই প্রশংসার যোগ্য। তিনি জানান, ৩টি বিষয়ে ঐশানীর নম্বর প্রায় ১০০-র কাছাকাছি— পেইনটিং, পলিটিক্যাল সাইন্স ও মাস মিডিয়া। ঐশানী আঁকাআঁকি করতে খুবই ভালোবাসে এবং পেইনটিং তার প্রধান বিষয় ছিল, যেখানে সে খুব ভালো নম্বর পেয়েছে। মোট ৬০০ নম্বরের মধ্যে ঐশানী পেয়েছে ৫৩০। এই তিনটি সাবজেক্টের নম্বরের ভিত্তিতে অল ইন্ডিয়াতে তার র‍্যাঙ্কিং হয়েছে ১২.৫। মেয়ের এমন সাফল্যে পরিবারে খুশির হাওয়া।

ঐশানীর মা আরও জানান, তাঁরা ভেবেছিলেন মেয়ে হয়তো ৭০-৮০ শতাংশ নম্বর পাবে কারণ কাজের ফাঁকে সে পড়াশোনা করেছে এবং পরিবারও তাকে খুব একটা চাপ দেয়নি। তবে ঐশানীর নিজের একটি জেদ ছিল— সে প্রমাণ করতে চেয়েছিল যে অভিনয় করেও ভালো পড়াশোনা করা সম্ভব, কারণ অনেকেই মনে করেন এই দুটো একসঙ্গে চলে না। ঐশানী পড়াশোনাটা ভালোবাসে বলেই এটা সম্ভব হয়েছে বলে তাঁর মা মনে করেন।

তাহলে উচ্চ মাধ্যমিকের পর কী নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে ঐশানীর? এ বিষয়ে তার মা জানান যে এই সিদ্ধান্ত সে এখনো চূড়ান্ত করতে পারেনি। বিভিন্ন কলেজের ভর্তির নিয়ম এবং প্রয়োজনীয় নম্বর দেখেই সে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ঐশানী মিডিয়া বা ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, আবার ভাষাতত্ত্ব (Linguistics) নিয়েও পড়ার কথা ভাবছে। যেহেতু পলিটিক্যাল সাইন্সে তার নম্বর বেশ ভালো, সেদিকেও এগোনোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও তার ভবিষ্যৎ জীবনে আইএএস (IAS) বা আইএফএস (IFS) অফিসার হওয়ারও ইচ্ছে আছে। আপাতত ঐশানী আগামী ৪ বছর মূলত পড়াশোনাতেই বেশি সময় ও মনোযোগ দিতে চাইছে।

তবে কি পড়াশোনার জন্য অভিনয় থেকে আপাতত বিরতি নিচ্ছেন ঐশানী? এই প্রশ্নের উত্তরে তাঁর মা স্পষ্টভাবে জানিয়েছেন যে না, অভিনয়টা সে করবেই। তবে পড়াশোনাতে বেশি ফোকাস করার জন্য এই মুহূর্তে সে হয়তো নিয়মিত মেগা সিরিয়াল (ডেইলি সোপ) করবে না। পরিবর্তে, সে ফিল্ম বা সিরিজ, এই ধরনের কাজগুলো করবে, যা পড়াশোনার সময়ের সঙ্গে সমন্বয় করে চালানো সম্ভব। সব মিলিয়ে, ঐশানী এখন তাঁর অ্যাকাডেমিক এবং অভিনয় জীবন দুটোকেই গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছে।