‘বদ্রীনাথে আমার নামে মন্দির’- বলতেই বিপাকে উর্বশী! ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি স্থানীয় পণ্ডিতদের

কিছুদিন আগেই অভিনেত্রী উর্বশী রাওতেলা দাবি করেছিলেন, বদ্রীনাথ ধামের কাছে তাঁর নামে একটি মন্দিরের নামকরণ করা হয়েছে এবং ভক্তরা সেখানে পুজো দেন। তিনি আরও জানান, আসল বদ্রীনাথ মন্দির থেকে এক ঘণ্টা দূরেই নাকি এই ‘উর্বশী মন্দির’ অবস্থিত। উর্বশীর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার অভিনেত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা করলেন বদ্রীনাথের তীর্থযাত্রী পুরোহিত সম্প্রদায়।
উর্বশীর এই বিতর্কিত মন্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। এবার মুখ খুলল উত্তরাখণ্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েত। বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী – এই চার ধাম ও তার সঙ্গে যুক্ত অন্যান্য মন্দিরগুলোর পুরোহিতদের এই সংগঠন হুঁশিয়ারি দিয়েছে যে, উর্বশী তাঁর এই মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছেও আর্জি জানিয়েছে মহাপঞ্চায়েত।
উত্তরাখণ্ড চারধাম তীর্থ মহা পঞ্চায়েতের মুখপাত্র অনুরুদ্ধ প্রসাদ উনিয়াল এক বিবৃতিতে বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে কিছু লোক সস্তা প্রচার পাওয়ার জন্য এই জাতীয় মন্তব্য করছে। এতে জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে।”
“I have a mandir on my name in the North, now I want a temple in the South for my fans.”
– Actress #UrvashiRautela.
pic.twitter.com/U7FNMJO3wF— Whynot Cinemas (@whynotcinemass_) April 14, 2025
উর্বশী ওই পডকাস্টে আরও জানান, যেহেতু তিনি দক্ষিণ ভারতীয় ছবিতে কাজ করছেন, তাই তিনি চান দক্ষিণ ভারতেও তাঁর নামে একটি মন্দির তৈরি হোক।
এদিকে বিতর্ক বাড়তেই মেয়ের সমর্থনে এগিয়ে এসেছেন উর্বশীর মা মীরা রাওতেলা। তিনি দাবি করেছেন, ওই সাক্ষাৎকারে উর্বশী আসলে বদ্রীনাথে স্বর্গের অপ্সরা উর্বশীর মন্দিরের কথা বলতে চেয়েছেন। অভিনেত্রী চান, দক্ষিণী ছবিতে তিনি এমন কাজ করতে সক্ষম হন যাতে সেখানেও তাঁর নামে একটি মন্দির নির্মিত হয়। মায়ের এই সাফাই অবশ্য পুরোহিতদের ক্ষোভ প্রশমিত করতে পারেনি। তাঁরা এখনও অভিনেত্রীর ক্ষমা চাওয়া এবং তাঁর বিতর্কিত মন্তব্য প্রত্যাহারের দাবিতে অনড়।