‘বাংলা কি তবে নতুন কাশ্মীর?’ মুর্শিদাবাদে অশান্তি নিয়ে সরব বিবেক অগ্নিহোত্রী, বন্ধ ‘দ্য দিল্লি ফাইলস’-এর শুট

‘দ্য কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রী মুখ খুললেন বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে। গত কয়েকদিনে মুর্শিদাবাদের অশান্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা সাধারণ মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, কারণ মুর্শিদাবাদে চলছিল তাঁর আগামী ছবি ‘দ্য দিল্লি ফাইলস’-এর শ্যুটিং। তবে বর্তমান অস্থিরতার কারণে সেখানে কাজ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই অশান্তির জেরে তিনজনের মৃত্যু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে এবার সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিলেন পরিচালক।
বিবেক অগ্নিহোত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বাংলা চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, শ্রীঅরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজির জন্মভূমি। বাংলা নবজাগরণের জমি। বাংলা কি তবে নতুন কাশ্মীর?’
বর্তমান পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে পরিচালক আরও বলেন, ‘মুর্শিদাবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কাজ করা অসম্ভব। রাজ্য সরকার বা প্রশাসনের সহায়তা না পেলে মুর্শিদাবাদের শ্যুটিং করা সম্ভব হবে না। আগামী দিনে হয়তো মুম্বইয়ে সেট তৈরি করে বাকি শ্যুটিং সম্পন্ন করতে হবে।’
The land of Chaitanya Mahaprabhu, Ramkrishna Paramhans, Swami Vivekananda, Sri Aurobindo, Gurudev Tagore, Subhash Chandra Bose… the land of great renaissance…
Is Bengal the new Kashmir. pic.twitter.com/kClUIuqPPi
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 13, 2025
উল্লেখ্য, ‘দ্য দিল্লি ফাইলস’ ছবিটি ১৯৯০ সালে কাশ্মীরী পণ্ডিতদের গণহত্যার উপর নির্মিত ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সিক্যুয়েল নয়। এটি একটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে তৈরি হচ্ছে। তবে, পরিচালকের এই মন্তব্য বাংলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁর গভীর উদ্বেগ প্রকাশ করে। মুর্শিদাবাদের অশান্তি যে শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের জীবন বিপর্যস্ত করেছে তাই নয়, শিল্প ও সংস্কৃতির জগতেও তার প্রভাব পড়তে শুরু করেছে, তা বিবেক অগ্নিহোত্রীর এই বক্তব্যে স্পষ্ট। এখন দেখার, রাজ্য সরকার এই পরিস্থিতিতে পরিচালকের শ্যুটিংয়ের জন্য কোনও রকম সহায়তার হাত বাড়িয়ে দেয় কিনা।