মাঝ আকাশে বিকল হয়ে হাডসন নদীতে পড়ল হেলিকপ্টার, বড় পদক্ষেপ হেলিকপ্টার কোম্পানির !

গত শুক্রবার এক মর্মান্তিক দুর্ঘটনায় আমেরিকার নিউ ইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা পাইলটসহ ৬ জন যাত্রীই প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন বিশ্বব্যাপী প্রযুক্তি সংস্থা সিমেন্সের স্প্যানিশ বিভাগের প্রধান অগাস্টিন এসকোবার। এছাড়াও অগাস্টিনের স্ত্রী এবং তাঁদের তিন সন্তানও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
জানা গিয়েছে, নিহত ৫ জন যাত্রী একটি স্প্যানিশ পরিবার। অগাস্টিন এসকোবার (৪৯), তাঁর স্ত্রী মার্স ক্যাম্প্রুবি মোন্টাল এবং তাঁদের ৪ ও ১১ বছর বয়সী দুই ছেলে ও এক মেয়ে ওই হেলিকপ্টারে ছিলেন।
দুর্ঘটনার পর হেলিকপ্টার পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি। দ্য নিউ ইয়র্ক হেলিকপ্টার ট্যুরস নামক ওই সংস্থা রবিবার স্পষ্ট জানিয়েছে যে তারা আর কোনও পরিষেবা প্রদান করবে না। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএফএ)-ও এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে।
এফএফএ জানিয়েছে যে তারা অবিলম্বে ওই হেলিকপ্টার কোম্পানির অপারেটরের লাইসেন্স এবং নিরাপত্তা সংক্রান্ত রেকর্ডগুলির পর্যালোচনা শুরু করবে। একইসঙ্গে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে এফএফএ চপার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের দিকে আলোকপাত করেছে। সংস্থাটি জানিয়েছে যে তারা ইতিমধ্যেই দেশব্যাপী বিমান এবং হেলিকপ্টার হটস্পটগুলি বিশ্লেষণ করছে। আগামী ২২শে এপ্রিল একটি হেলিকপ্টার নিরাপত্তা প্যানেল আয়োজনের কথাও ঘোষণা করা হয়েছে। এফএফএ তাদের পোস্টে জানিয়েছে, এই প্যানেল “ফলাফল, ঝুঁকি এবং অতিরিক্ত প্রশমন বিকল্পগুলি নিয়ে আলোচনা করবে।”
এফএফএ আরও জোর দিয়ে বলেছে যে “নিরাপত্তা হল FAA-এর এক নম্বর অগ্রাধিকার, এবং উড়ন্ত জনসাধারণকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবে না।”
রাডার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি নিউ ইয়র্কের ম্যানহাটনের আকাশরেখা ধরে যাত্রা শুরু করে। এরপর সেটি দক্ষিণে স্ট্যাচু অফ লিবার্টির দিকে যাচ্ছিল, সেই সময়ই সেটি মাঝ আকাশে বিকল হয়ে পড়ে এবং হাডসন নদীতে ভেঙে যায়। স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।
অনুসন্ধানে জানা গেছে, ভেঙে পড়া বেল২০৬এল-৪ লংরেঞ্জার ৪ (Bell206L-4 LongRanger IV aircraft) হেলিকপ্টারটি ২০০৪ সালে তৈরি হয়েছিল এবং মেরামতের প্রয়োজন হওয়ার আগে এটি ১২,৭২৮ ঘন্টা উড়েছিল। হেলিকপ্টারটি ২০১৬ সালে বিমান চলাচলের যোগ্যতার শংসাপত্র পায় এবং সেই শংসাপত্র ২০২৯ সাল পর্যন্ত বৈধ ছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।