কিছুতেই বাড়ছে না ফলোয়ার্স, সমস্যায় পড়ে ভক্তদের কাছে কী অনুরোধ করলেন অমিতাভ বচ্চন?

সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সরব থাকেন অমিতাভ বচ্চন। ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম তাঁর এই পোস্টগুলি। ব্যক্তিগত বা পেশাগত জীবনের নানা মুহূর্ত, কবিতা কিংবা বাবার লেখা—নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে এবার এক অভিনব সমস্যায় পড়ে খোদ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছেই সাহায্য চাইলেন এই বর্ষীয়ান অভিনেতা।
সম্প্রতি অমিতাভ বচ্চন তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে তিনি ফলোয়ার সংখ্যা বৃদ্ধি নিয়ে নিজের সমস্যার কথা তুলে ধরেন এবং সকলের কাছে এর সমাধান জানতে চান। বিগ বি লেখেন, ‘প্রচুর চেষ্টা করছি, কিন্তু ৪৯ মিলিয়ন ফলোয়ার্সের পর সেই সংখ্যা কিছুতেই বাড়ছে না। কোনও উপায় থাকলে জানান।’
অমিতাভের এই অপ্রত্যাশিত আর্জি দেখে নেটিজেনরা মজাদার সব মন্তব্য করতে শুরু করেন। একজন লেখেন, ‘স্যার আপনার এত ফলোয়ার্সের কি দরকার?’ আরেকজন রসিকতা করে বলেন, ‘জয়া জির সঙ্গে ঝগড়া করুন আর সেই ভিডিও পোস্ট করে দিন, দেখবেন হু হু করে ফলোয়ার্স বেড়ে গেছে!’ কেউ আবার অভিনেতার জনপ্রিয়তার কথা মনে করিয়ে দিয়ে লেখেন, ‘আপনি তো সকলের মনের খুব কাছাকাছি থাকেন। ৪৯ মিলিয়ন কেন, আপনার ভক্ত সংখ্যা অগণিত।’
তবে সব মন্তব্যের মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে। একজন লিখেছেন, ‘রেখার সঙ্গে ছবি দিয়ে দিন। দেখবেন ৫০ মিলিয়ন একদিনে হয়ে যাবে। তবে এতে আপনার সংসার ভেঙে যেতে পারে!’
T 5347 – बड़ी कोशिश कर रहे हैं, लेकिन ये 49M followers का नंबर बढ़ ही नहीं रहा है ।
कोई उपाय हो तो बताइए !!!— Amitabh Bachchan (@SrBachchan) April 13, 2025
পাশাপাশি, অনেকেই অভিনেতাকে ফলোয়ার বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন। কেউ বলেছেন তাঁর দীর্ঘ কর্মজীবনের অজানা গল্প বা মজার ঘটনা শেয়ার করতে, যা ভক্তদের আরও কাছে টানবে। এখন দেখার, এত সব পরামর্শের মধ্যে অমিতাভ কোনটি গ্রহণ করেন।
প্রসঙ্গত, সম্প্রতি শেষ হয়েছে অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’। অনুষ্ঠানটি শেষ হওয়ার পর শোনা গিয়েছিল, অভিনেতা নাকি কিছুদিনের জন্য বিরতি নিতে চলেছেন। তবে গুঞ্জন রয়েছে, শীঘ্রই মুক্তি পেতে চলা ‘কল্কি’-র পরবর্তী পর্বেও নাকি তিনি অভিনয় করবেন। রুপোলি পর্দা থেকে অমিতাভের এই বিরতি সাময়িক হবে নাকি পাকাপাকি, তা সময়ই বলবে। তবে আপাতত সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বৃদ্ধির জন্য তাঁর এই মজার আরজি ভক্তদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে।