PNB ঋণ জালিয়াতি! বেলজিয়ামে গ্রেফতার মেহুল চোকসি, কারাগারে বন্দি

ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) ঋণ জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী মেহুল চোকসিকে অবশেষে বেলজিয়াম পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার, তার আইনজীবী এই গ্রেপ্তারের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। পিএনবি থেকে ১২,৬৩৬ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত চোকসি বর্তমানে বেলজিয়ামের একটি কারাগারে বন্দি রয়েছেন।

২০১৮ সালে ভারতে বিশাল আর্থিক কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর মেহুল চোকসি দেশ ত্যাগ করে অ্যান্টিগুয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছিলেন। তবে, সম্প্রতি তিনি সুইজারল্যান্ডে ক্যান্সার চিকিৎসার জন্য পালানোর পরিকল্পনা করছিলেন। এর আগেই, বেলজিয়াম কর্তৃপক্ষ তাকে আটক করে। অভিযোগ রয়েছে, তিনি সেখানে অবৈধভাবে রেসিডেন্সি কার্ড অর্জন করেছিলেন।

চোকসি বেলজিয়ামে প্রবেশের পর সিটিজেনশিপ-বাই-ইনভেস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে সেখানে ‘এফ’ রেসিডেন্সি কার্ড লাভ করেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বেলজিয়াম সরকারের কাছে মানবিক কারণে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন এবং সেই আবেদনকে সমর্থন করার জন্য মিথ্যা নথি ব্যবহার করেছিলেন।

চোকসি যখন বেলজিয়ামের ‘এফ’ রেসিডেন্সি কার্ডের স্ট্যাটাস আপগ্রেড করার চেষ্টা করেন, তখনই ভারতীয় কর্তৃপক্ষ তার প্রত্যর্পণের জন্য দ্রুত পদক্ষেপ নেয়। ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলি বেলজিয়ামকে জানায়, চোকসির বিরুদ্ধে ২০১৮ ও ২০২১ সালে মুম্বাইয়ের আদালত দুটি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল জানিয়েছেন, “আমরা তার গ্রেপ্তারের বিরুদ্ধে আপিলের প্রক্রিয়া শুরু করব এবং তার জামিনের আবেদন জানাব। চোকসি গুরুতর অসুস্থ এবং তার ক্যান্সার চিকিৎসা চলমান রয়েছে। আমরা আদালতে তার স্বাস্থ্য সংক্রান্ত এই যুক্তিগুলি তুলে ধরব।”

বর্তমানে মেহুল চোকসি বেলজিয়ামের একটি জেলে আটক রয়েছেন। তার জামিন আবেদনের শুনানি অন্তত এক সপ্তাহ পর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এরপর তার ভারতে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু হবে। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি এই বিষয়ে বেলজিয়াম কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দ্রুত চোকসিকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।