‘সৃজিতদার আমাকে ব্যাক টু ব্যাক ছবিতে সাইন করা উচিত’, বলছেন কৌশানী

পরিচালক রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-তে নজর কেড়েছিলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। সেই ওয়েব সিরিজটি ব্যাপক সাফল্য পায়। এরপর শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে আরও একটি ব্লকবাস্টার হিট উপহার দেন তিনি। যদিও মাঝে ‘হাঙ্গামা ডট কম’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, তবে এই পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে কৌশানী অভিনীত নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’ এবং এটিও দর্শকদের মন জয় করে নিয়েছে।
এই সাফল্যের হাত ধরে গত দুই বছরে কৌশানীর ঝুলিতে জমা পড়েছে তিনটি হিট ছবি। টলিউডের প্রথম সারির অনেক নায়িকা যেখানে এই সময়ে দুটি হিটও দিতে পারেননি, সেখানে কৌশানীর এই অভাবনীয় সাফল্য সত্যিই আনন্দ করার মতো। নিজের অনুভূতি প্রকাশ করে কৌশানী বলেন, “দর্শকরা আমার কাজে নতুনত্ব আশা করেন। আমি সেই কারণে কাজের ধারা বদলে ফেলেছি। আমি সেই ধরনের কাজই বেছে নিতে চাই, যে ধরনের চরিত্রে দর্শক আমাকে দেখতে ভালোবাসবেন। ‘কিলবিল সোসাইটি’ আমার জন্য খুব স্পেশাল। সৃজিদার (মুখোপাধ্যায়) সঙ্গে এটা আমার প্রথম কাজ। সৃজিতদা, পরমব্রত ও অনুপম—এই জুটিটা এমনিতেই দর্শকদের কাছে পরিচিত এবং পছন্দের। অনুপম রায় পুরোনো সদস্য হলেও, কৌশানী মুখার্জি এই টিমের নতুন সংযোজন। দর্শক এই ছবিটা এত পছন্দ করছেন যে, সৃজিতদার উচিত আমাকে ব্যাক টু ব্যাক ছবিতে সাইন করানো।”
লক্ষ্যণীয় বিষয় হল, টলিউডের নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে গত বছর থেকে এই বছর পর্যন্ত মাত্র দু’জন অভিনেত্রী এত অল্প সময়ে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। কৌশানীর পাশাপাশি ইধিকা পালও ‘প্রিয়তমা’, ‘খাদান’ ও ‘বরবাদ’-এর মতো পরপর হিট ছবি দিয়েছেন। আগামী দুর্গাপূজায় ইধিকাকে ‘রঘুডাকাত’ ছবিতে দেখা যাবে। অন্যদিকে, কৌশানীকেও আগামী দুর্গাপূজায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ টু’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
এছাড়াও, বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের হিট পাওয়ার ধারাও নজরকাড়া। গত বছর পয়লা বৈশাখে তাঁর অভিনীত ‘অযোগ্য’ হিট হওয়ার পর, এই বছর তাঁর প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত ‘পুরাতন’ ছবিটিও সাফল্য লাভ করেছে।
কৌশানীর এই সাফল্যের ধারা নিঃসন্দেহে টলিউডের অন্যান্য অভিনেত্রীদের জন্য একটি অনুপ্রেরণা। নিজের কাজের প্রতি নিষ্ঠা এবং দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে চরিত্র নির্বাচনেই যে সাফল্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে, তা আবারও প্রমাণ করলেন কৌশানী মুখার্জি। এখন দেখার, আগামী দিনে এই প্রতিভাবান অভিনেত্রী আরও কত নতুন মাইলফলক স্পর্শ করেন।