বাগান বন্ধ বা শ্রমিকদের সুবিধা থেকে বঞ্চিত করলে লিজ বাতিল, কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের !

তিন মাস বাগান বন্ধ রাখলে কিংবা চা-বাগানের শ্রমিকদের বেতন, পিএফ ইত্যাদি সুবিধা থেকে বঞ্চিত করলেই এবার মালিকপক্ষের লিজ বাতিল করে দেওয়া হবে। এমনই কঠোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিলিগুড়িতে ত্রিপাক্ষিক বৈঠকের পর শ্রমমন্ত্রী মলয় ঘটক এই হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষা করাই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য।
বৈঠকে মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন জিটিএর চেয়ারম্যান রাজেশ চৌহান, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ শান্তা ছেত্রী এবং চা-বাগান মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, চা শ্রমিকদের জন্য রাজ্য সরকার বহু সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের ঔদাসীন্যের কারণে শ্রমিকদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আইএনটিটিইউসি তাদের হয়ে এই বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে লাগাতার লড়াই চালিয়ে যাবে।
ইতিমধ্যেই পিএফ (প্রভিডেন্ট ফান্ড) বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের শ্রমিক সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় তারা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে। বিভিন্ন বাগানে সভা করা হয়েছে, শ্রমিকরা রাত্রিবাস কর্মসূচি পালন করেছেন এবং পিএফ অভিযান সংগঠিত করেছেন। রাজনৈতিকভাবে চা বলয় অধ্যুষিত আটটি বিধানসভা কেন্দ্র জুড়েই এই বিষয়ে প্রচার ও সাংগঠনিক কাজ শুরু করেছে তারা। এবার প্রশাসনিক স্তরেও কড়া পদক্ষেপ নিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত চা-বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা-বাগান এবং টি-ডিরেক্টরেট নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পর শ্রমমন্ত্রী মলয় ঘটক চা-বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য ফের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা ঘোষণা করেন। এই কমিটিকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতেই রাজ্য সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করবে। ত্রিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শ্রমিক সংগঠনের সদস্যরাও।
অন্যদিকে, নেপালের চায়ের গুণগত মান খারাপ হওয়ায় দার্জিলিং চায়ের সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দার্জিলিং জেলা আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নেপালের প্রতিটি সীমান্তে চায়ের গুণমান পরীক্ষার জন্য আবেদন জানানো হয়েছে।