“কঙ্গনার মেয়েকে অন্য কিছু করতে হবে…”, নেপটিজম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য সলমনের

বলিউডে নিজের জায়গা তৈরি করতে হলে যাদের সঙ্গে সম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে অন্যতম হলেন সলমন খান। ভাইজান পাশে থাকলে যে কোনও সমস্যা দ্রুত সমাধান হয়ে যায়, এ কথা প্রায় সবাই জানে। তবে, সলমনের স্বজনপোষণ নীতি নিয়ে একসময় মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাওয়াত, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
এবার সলমন তাঁর আসন্ন সিনেমা ‘সিকন্দর’-এর প্রচারে ব্যস্ত। আগামী ৩০ মার্চ এই সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে। সম্প্রতি, মুম্বইয়ের একটি হোটেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ভাইজান। সেখানেই সিনেমার প্রচারের পাশাপাশি, প্রাণনাশের হুমকি এবং স্বজনপোষণ বিতর্ক নিয়ে তাঁর মন্তব্য করেন সলমন।
স্বজনপোষণ বিষয়ে প্রশ্ন করা হলে সলমন বলেন, “এই পৃথিবীতে কোনও কাজ একা করা যায় না, সব কাজই দলবদ্ধভাবে করতে হয়। যদি আমার বাবা ইন্দোর থেকে মুম্বইয়ে না আসতেন, তাহলে আমি বা আমার গোটা পরিবার এখন কৃষিকাজ করত। বাবা ওই সিদ্ধান্ত না নিলে আমরা কখনও এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না।”
তিনি আরও বলেন, “আমার বাবা যদি চিরকাল কৃষিকাজ নিয়েই ব্যস্ত থাকতেন, তাহলে আমাদের জীবন খুব সাধারণ হত। আমার বাবা মুম্বই এসেছেন, ছবিতে কাজ করেছেন। এখন নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, যেমন ‘স্বজনপোষণ’, কিন্তু আসলে বিষয়টা এমন নয়।”
এক প্রশ্নের উত্তরে সলমন কঙ্গনার কথা উল্লেখ করে বলেন, “কঙ্গনার মেয়ে সিনেমায় আসছে?” তখন সাংবাদিকরা তাঁর ভুল শুধরে দিলে, ভাইজান হাসতে হাসতে বলেন, “কঙ্গনার মেয়ে যখন সিনেমা করবে বা রাজনীতিতে যোগ দেবে, তখন কি আপনি তাকে স্বজনপোষণ বলবেন?”
এই মন্তব্যের পর, সাংবাদিকরা সলমনের বক্তব্যের রেশ ধরে বলেন, “তাহলে, স্বজনপোষণ বলব?” সলমন উত্তর দেন, “তাহলে ওঁর মেয়ে যদি অন্য কিছু করতে না পারে, সবাই এটাই বলবে।”
এদিকে, সলমন তাঁর আসন্ন সিনেমা ‘সিকন্দর’ নিয়ে আশাবাদী। বক্স অফিসে সিনেমাটি কতটা সফল হবে, সেই প্রশ্নের উত্তরে ভাইজান বলেন, “আমি আশা রাখছি সিনেমাটি খুব ভালো ব্যবসা করবে। মোহনলাল স্যারের সিনেমা এবং আমার সিনেমা দুটোই দুর্দান্ত ব্যবসা করবে।”