“বোনকে পুতুল ভাবে কবীর…”- দুই সন্তানের রসায়ন নিয়ে আরো যা বললেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক আজকাল বড় পর্দায় খুব একটা দেখা না গেলেও, তার অনুরাগীর সংখ্যা কিন্তু অগণিত। তার অভিনয় এবং ব্যক্তিত্ব বারবার দর্শকদের মন জয় করেছে। সদ্যই তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। দুই সন্তানের পরিচর্যা কেমন চলছে, সেই বিষয়ে তিনি কিছু কথা শেয়ার করলেন। জানালেন, দুই সন্তানকে সামলাতে গিয়ে তিনি বেশ কষ্ট পাচ্ছেন।
এদিন কোয়েল টলিউডের একটি ইভেন্টে উপস্থিত ছিলেন এবং সিটি সিনেমার একটি সাক্ষাৎকারে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেন। অভিনেত্রী বলেন, “আমি বুঝতে পারছি না কীভাবে সামলাবো… আমার বাবা-মায়ের কাছে অনেক ভাইবোন ছিল। আমি বাবাকে বলি, কীভাবে তোমরা এতজনকে সামলাতে পারলে? আমার ঠাকুমাকে কোটি কোটি প্রণাম। আমি তো দুজনকেই নিয়ে হিমশিম খাচ্ছি। যারা বড় পরিবারের সদস্য, তারা কীভাবে এত কিছু সামলান, কে জানে।”
তবে এতকিছুর পরেও কোয়েল জানিয়েছেন, জীবনের এই ফেজটি তিনি দারুণ উপভোগ করছেন। সন্তানদের জন্য নানা নতুন জিনিস শেখার কথাও জানালেন। কোয়েলের মতে, “হ্যাঁ, জীবন এখন ভীষণ সুন্দর হয়ে উঠেছে। ছোটবেলায় আমরা যেমন হাট্টি মাটিম টিম, ইকির মিকির শিখেছিলাম, এখন নতুন নতুন বেবি শার্ক শিখছি। বাচ্চাকে শেখানোর জন্য অনেক কিছু মুখস্থ করতে হচ্ছে। এটা একটা ব্যাপার, কিন্তু বেশ মজা লাগে।” তিনি আরও বলেন, “কবীরের সময়ে অনেক কিছু মুখস্থ করে ফেলেছি, তাই ছোটটার জন্য নতুন করে কিছু মুখস্থ করতে হচ্ছে না। তবে কিছু নতুন গান বেরিয়েছে, সেগুলো শিখছি।”
কবীর এবং তার ছোট বোনের সম্পর্ক কেমন, এই প্রশ্নের উত্তরে কোয়েল জানান, “কবীর এখনও বোনকে পুতুলের মতো মনে করে, তাই সে তাকে টিপতে যায়। আমি বলি, একদম না। তবে তাকে বোনকে একটু চটকাতে দিই, কারণ মনে করি তাদের বন্ডিংটা খুব জরুরি। কবীর অনেকদিন ধরে আমাকে বলতো, ‘মাম্মা, কবে?’ এবং সে জানত যে বোন হবে। আমি তাকে বলতাম, ‘ভগবান যেটা দেবেন, সেটা সুস্থভাবে দেবেন।’ কিন্তু যখন সত্যিই বোন হলো, কবীর দারুণ খুশি হয়েছিল। তার দিন এখন বেশ মজা কাটছে।”