ধোনির বন্ধুর হাত ধরে রাস্তায় ঘুরছেন কৃতি, কে সেই ব্যক্তি? জেনেনিন তার পরিচয়

এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম কৃতি শ্যনন। একের পর এক কাজের প্রস্তাব। সম্প্রতি তার ও শাহিদ কাপুর অভিনীত ছবি ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ বক্স অফিসে মোটের উপর ভালই ফল করেছে। খুব শীঘ্রই মুক্তি পাবে তার ‘ক্রু’ ছবিটি।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। এর মাঝেই লন্ডনের রাস্তায় দেখা গেল অভিনেত্রীকে। তা-ও আবার এক ব্যক্তির হাতে হাত রেখে একান্ত সময় কাটাচ্ছেন তিনি। লন্ডনের রাস্তায় এক অনুরাগীর ক্যামেরাবন্দি হনও কৃতি ও সেই ব্যক্তি। জানা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনির কাছের বন্ধুর সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। ছবি প্রকাশ্যে আসতেই অনুমান করছেন নেটপাড়ার একাংশ।

শোনা যাচ্ছে ওই ব্যক্তি হলেন কবীর বাহিয়া। তিনি একজন উদ্যোগপতি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনি ও তার স্ত্রী সাক্ষীর ঘনিষ্ঠ বন্ধু। বছরের শেষ দিনেও নাকি কবীরের সঙ্গে দুবাইতে কাটিয়েছেন অভিনেত্রী। সাক্ষী-মাহির সঙ্গে কৃতি ও কবীরের ছবিও রয়েছে। তারা একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন।

তবে কৃতির প্রেমের গুঞ্জন বিভিন্ন সময় ছড়িয়েছে। কখনও দক্ষিণী তারকা প্রভাস, কখনও আবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুড়েছে তার নাম। তবে প্রতি বারই এই জল্পনায় জল ঢেলেছেন কৃতি। গত বছরই জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। আপাতত নিজের কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব চর্চায় থাকতে চাইছেন না কৃতি।