আলিয়ার থেকে দূরে দূরে, তবে কি স্ত্রীর সাফল্যে অসন্তুষ্ট রণবীর!

বলিউড দম্পতিদের মধ্যে অন্যতম রণবীর-আলিয়া। একমাত্র কন্যা রাহাকে নিয়ে বেশ সুখেই আছেন তারা। সামাজিক অনুষ্ঠানগুলোতে বেশ হাসিখুশিভাবে ধরা দেন তারা। সাক্ষাৎকারগুলোতেও একে অন্যের প্রশংসা করেন।
এবার দেখা গেল ব্যতিক্রম একটি বিষয়। আলিয়ার সাফল্যের দিনে রণবীর পাশে থেকেও অপ্রাত্যাশিত আচরণ করলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।
এ বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আলিয়া। ‘গঙ্গুবাই কাথিওয়াড়ি’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার বগলদাবা করেছেন তিনি। আজ মঙ্গলবার দিল্লিতে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এমন আচরণ করতে দেখা যায়।
এরইমধ্যে ওই অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, আলিয়া পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা তার বিয়ের শাড়িটি। রণবীর পরেছিলেন কালো গলাবন্ধ।
গাড়ি থেকে নামা মাত্রই যেন আলিয়ার থেকে দূরে দূরে ছিলেন রণবীর। অনুষ্ঠান কক্ষে প্রবেশ করার সময় যখন আলিয়া সাক্ষাৎকার দিচ্ছেন, তখন রণবীরকে তার পাশে দাঁড়াতে বলা হলেও তিনি রাজি হননি। খানিক টালবাহানা করেই আলিয়ার থেকে দূরে গিয়ে দাঁড়ান। তারপর থেকে নানা জল্পনা এই দম্পতিকে নিয়ে। তাদের সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
রণবীর এই মুহূর্তে নিজেকে প্রস্তুত করছেন পর্দার রাম চরিত্রে। এজন্য মদ্যপান থেকে বিরত থাকতে হচ্ছে তাকে। ছবিটিতে সীতা চরিত্রে আলিয়ার থাকার কথা থাকলেও তিনি সরে দাঁড়িয়েছেন।