‘মানুষ’-এর টিজারে মারমুখী টলিউড সুপারস্টার জিৎ, শীতল চোখে মিম

আজ শনিবার সকাল হতেই জিৎ অনুরাগীদের পাখির চোখ ছিল সামাজিক মাধ্যমে। অভিনেতাও দেরি করেননি। সকালের সূর্য ওঠার কয়েক ঘণ্টা পর পর্দার সূর্য উঁকি দিলেন নেটমাধ্যমে। তাকে বলতে শোনা গেল, ‘মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার উপর বিশ্বাস হারানো পাপ!’

এটি জিতের মুক্তিপ্রতিক্ষীত ছবি ‘মানুষে’র সংলাপ। ভারতীয় সময় সকাল নয়টায় প্রকাশ পেয়েছে ছবিটির টিজার। সেখানেই সংলাপটি বলতে শোনা গেছে অভিনেতাকে। অ্যাকশনে ভরপুর টিজারটি দেখেই বোঝা গেল দারুণ এক সিনেমা উপহার দিতে যাচ্ছেন এ তারকা।

‘মানুষ’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে জিৎকে। টিজারের শুরুতেই অ্যাকশন অবতারে দেখা যায় তাকে। সঙ্গে আছেন বাংলাদেশের শীর্ষ নায়িকা বিদ্যা সিনহা মিম। ১৯ সেকেন্ডে দেখা যায় তাকে। শীতল চোখ মুখ তার। পাশ থেকে তার ওপর একজন ছাতা ধরে আছেন। চশমা খোলার ভঙ্গি দেখেই মনে হলো মিমের চরিত্রটা বেশ দাপুটে।

জিৎ সম্পর্কে এর আগে মিম বলেছিলেন, ‘‘একসঙ্গে কম কাজ হলেও দীর্ঘদিন থেকে জিৎ দাদার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। আমি যেমন তার ভালো কাজের প্রশংসা করি, জিৎ দাদাও বাংলাদেশে আমার কাজের খোঁজখবর রাখেন। ‘পরাণ’ ছবির ট্রেলার দেখে আমাকে ফোন দিয়েছিলেন। ছবিটি দেখার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তা ছাড়া জন্মদিনসহ বিশেষ দিনগুলোতেও আমাদের দুজনের শুভেচ্ছাবার্তা বিনিময় হয়।’’

‘মানুষ’ সিনেমা প্রযোজনা করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার। গত মাসে ফার্স্টলুক প্রকাশ করে জানানো হয়েছে ছবিটির মুক্তি আগামী ২৪ নভেম্বর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *