বক্স অফিসে ‘ডাঙ্কি’ বনাম ‘সালার’, কপালে চিন্তার ভাঁজ সিনে বাণিজ্য বিশ্লেষকদের!

আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ ও প্রভাসের ‘সালার’। একই দিনে বলিউড বনাম দক্ষিণী দুই তারকার ছবির মুক্তি বক্স অফিসের অঙ্কটা সত্যিই কঠিন হতে চলেছে। এটা নিয়েই কপালে চিন্তার ভাঁজ সিনে বাণিজ্য বিশ্লেষকদের।

উল্লেখ্য, ২০২৩ সাল যে শাহরুখের কেরিয়ারে ম্যাজিক ফিগার, ‘পাঠান’, ‘জওয়ান’র বক্স অফিস অঙ্কই সেটা প্রমাণ করে দিয়েছে। দুটি ব্লকবাস্টার উপহার দেওয়ার পর এবার বড়দিনে ‘ডাঙ্কি’র পালা। উপরন্তু পরিচালক রাজকুমার হিরানি এবং শাহরুখ সমীকরণ। অতঃপর বড়দিনে সিনেপর্দায় যে বড় চমক পেতে চলেছেন দর্শকরা।

অন্যদিকে, প্রভাসের এখন মন্দা বাজার। বক্স অফিসে ‘আদিপুরুষ’ ঢাহা ফ্লপ। উপরন্তু সিনে সমালোচকদের কলমেও ভালো নম্বর জোটেনি। প্রতিবেশী দেশেও বিতর্কের মুখে পড়েছিল প্রভাসের এই ছবি। সেই আবহে মুক্তি পাওয়া ‘সালার’র টিজারেও মুখ দেখা যায়নি দক্ষিণী সুপারস্টারের। অতঃপর বাহুবলী যে বক্স অফিসের লড়াইয়ে জিততে মরিয়া হবেন, তা বলাই বাহুল্য। আর সেই প্রেক্ষিতেই সিনে সমালোচকরা আগেভাগে প্রভাসকে সতর্কবাণী দিয়ে দিলেন। অনেকেরই দাবি, ‘শাহরুখের ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামা হয়তো বুদ্ধিমত্তার হবে না। যদিও ‘সালার’ নির্মাতারা রিলিজের দিন নড়চড় করতে নারাজ! শুক্রবার টুইট করে তাতে সিলমোহরও বসিয়েছেন।

বক্স অফিসে ‘ডাঙ্কি’ বনাম ‘সালার’ প্রসঙ্গে জনপ্রিয় সিনে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলেন, ‘মোটেই ভালো না। ইন্ডাস্ট্রির জন্য অন্তত স্বাস্থ্যকর নয়। কারণ এতে ব্যবসা ভাগাভাগি হবে। তাছাড়া হলে শো টাইমিং ভাগ করা নিয়েও চিন্তায় পড়বেন মালিকেরা। রিলিজের আগেই একটা তিক্ততার সৃষ্টি হবে। ওদের উচিত ছিল অন্য কোনো দিন নির্বাচন করা। গণতান্ত্রিক দেশ হিসেবে ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চয় আছে। তবে ব্যবসায়িক দিক থেকে ভাবলে ফলাফল ভালো নয়। ‘ডাঙ্কি’ তো আগে থেকেই ঘোষণা করে দিয়েছিল যে ২২ ডিসেম্বর রিলিজ করবে। ‘সালার’ নির্মাতাদের অন্তত বুঝেশুনে পদক্ষেপ করা উচিত ছিল।’

আরেক সিনে বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা বলন, ‘দেশে হয়তো ১০ হাজার স্ক্রিন রয়েছে। এবার ‘ডাঙ্কি’ না ‘সালার’ কোন শো কে নেবে? সেটা ভাগাভাগি হবে। অন্তত ওপেনিং ডে-র ব্যবসাটা মাঠে মারা যাবে! কারণ সবাই তো আর একদিনে ২টা সিনেমা দেখতে যাবেন না। এক্ষেত্রে আমজনতার পকেটের কথাও মাথায় রাখতে হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *