BOX OFFICE: গতকাল মুক্তি পায় অক্ষয়ের মেগা বাজেটের সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’, আর প্রথম দিনই আয় খুবই কম

বক্স অফিসে কঙ্গনা রনৌতের ‘ধাকাড়’ সিনেমা সুপারফ্লপ হলেও আশা জাগিয়েছিল কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া টু’। কার্তিকের সিনেমা বক্স অফিসে ১৫০ কোটি সংগ্রহের পথে। এরই মধ্যে মুক্তি পেয়েছে সুপারস্টার অক্ষয় কুমারের নতুন সিনেমা। তবে প্রথম দিন হতাশ করেছে দর্শককে।

৩ জুন মুক্তি পায় অক্ষয়ের মেগা বাজেটের ইতিহাস-আশ্রিত সিনেমা ‘সম্রাট পৃথ্বীরাজ’। বলিউড হাঙ্গামার খবর, প্রথম দিন বক্স অফিসে গরিবি শুরু করেছে এ সিনেমা। বাণিজ্য পূর্বাভাস, প্রথম দিনের সংগ্রহ ১০.৫০ থেকে ১১.৫০ কোটি।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইট বার্তায় জানিয়েছেন, এ সিনেমা মুক্তির দিন সংগ্রহ করেছে ১০.৭০ কোটি। তবে দ্বিতীয় ও তৃতীয় দিন ভালো করবে বলে তাঁর আশা।

বলিউড হাঙ্গামার বিশ্লেষণ, যেহেতু এ সিনেমার বাজেট বেশি, তাই শুরুটা অন্তত ১৬ কোটির বেশি হওয়া উচিত ছিল। যদি ট্যাক্স-ফ্রি করা না হতো, তবে ব্যবসা আরও খারাপ হতো।

এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হলো ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ মানুষী ছিল্লারের। সিনেমার পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।

বিভিন্ন খবরে প্রকাশ, পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর নির্দেশে তৈরি হয়েছিল ৫০ হাজারটি রাজস্থানি পোশাক এবং মানানসই ৫০০টি পাগড়ি। সেসব হাতে তৈরি পোশাক পরেই অভিনয় করেছেন এ সিনেমার চরিত্ররা। এ সিনেমার বাজেট ২৫০ কোটি।

তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘোরিকে হারিয়েছিলেন যে দোর্দণ্ডপ্রতাপ সম্রাট, তিনিই পৃথ্বীরাজ চৌহান। যাঁর ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। সংযুক্তার ভূমিকায় দেখা যাবে মানুষী ছিল্লারকে।

প্রাচীন ভারতের শেষ হিন্দু রাজাদের মধ্যে একজন ছিলেন সম্রাট পৃথ্বীরাজ। আগলে রেখেছিলেন উত্তর-পশ্চিম ভারতের সীমানা। তবে তরাইনের দ্বিতীয় যুদ্ধে হেরে যান পৃথ্বীরাজ চৌহান। সেই গল্প উঠে এসেছে এ সিনেমায়।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পায় ‘সম্রাট পৃথ্বীরাজ’। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে সোনু সুদ ও সঞ্জয় দত্তকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *