NASA: মূত্র-ঘাম থেকে মিলবে সুপেয় জল! নতুন আবিষ্কারের কথা জানালো নাসা

মহাকাশচারীদের মূত্র ও ঘামকে পরিশোধন করে সুপেয় জল হিসেবে পুনর্ব্যবহার সম্ভব বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে মূত্র ও ঘামের ৯৮ শতাংশ জল পুনরুদ্ধার করা সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।
মহাকাশে নাসার আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস)-এ যে মহাকাশচারীরা আছেন, দীর্ঘদিন ধরেই তারা জলের সমস্যার সমাধানের চেষ্টা করছিলেন। এই নিয়ে চলছিল নানা পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণা। অবশেষে সুপেয় জল তৈরিতে সাফল্য মিলেছে। ঘাম এবং মূত্র থেকে পান করার যোগ্য জল বার করতে পেরেছেন তারা।
আইএসএস-এর মহাকাশচারীদের প্রত্যেকের দিনে এক গ্যালন শুদ্ধ জল প্রয়োজন হয়। পান করা ছাড়াও শারীরিক ক্রিয়া, খাবার তৈরি এবং অন্যান্য প্রয়োজনে এই জল কাজে লাগান তারা। শারীরিক বর্জ্য থেকে সুপেয় জল নিষ্কাশনের ফলে আগামী দিনে মহাকাশের একাধিক অভিযানে অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
আইএসএস হল মহাকাশে ভাসমান একটি স্টেশন, যা পৃথিবীর চারদিকে ঘোরে। ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় এর অবস্থান। রাতের আকাশে পৃথিবী থেকে আইএসএস দেখা যায় ভাসমান একটি আলোর বিন্দু হিসেবে। এই স্টেশনে নাসার মহাকাশচারীরা নানা গবেষণার কাজে নিযুক্ত।
নাসা জানিয়েছে, পরিবেশ নিয়ন্ত্রণ এবং জীবন সুরক্ষা পদ্ধতি (ইসিএলএসএস) ব্যবহার করে বর্জ্য থেকে ৯৮ শতাংশ সুপেয় জল নিষ্কাশন সম্ভব হয়েছে। এই পদ্ধতিতে আগামী দিনে খাবার, জল এবং বাতাসও পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা চলছে।
উল্লেখযোগ্য এই অগ্রগতির কারণে মহাকাশচারীরা চন্দ্র পৃষ্ঠে দীর্ঘ অবস্থানের সময় এবং মঙ্গল গ্রহে অভিযানে আরও বেশি সময় অবস্থান করতে পারবেন।
সূত্র: বিবিসি, স্পেস ডটকম