OMG! বকেয়া কোচিং ফি চাওয়ায় শিক্ষককে গুলি দুই ছাত্রের, পুলিশ খুঁজছে দুই অভিযুক্তকে

পাস করে কোচিং সেন্টার ছেড়ে দিয়েছে। কিন্তু ফি ছিল বাকি। আর তা চেয়েছিলেন শিক্ষক। এই জন্যই কোচিং সেন্টারের ওই শিক্ষকের ওপর বিরক্ত ছিলেন দুই ছাত্র। সেই রাগে সাবেক শিক্ষকের ওপর গুলি চালায় তারা। এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। খবর এনডিটিভির।
গুলিবিদ্ধ হয়ে কোচিং সেন্টারের ওই শিক্ষক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের মোরেনা জেলার জাউরা রোড এলাকায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মোরেনার জাউরা রোড এলাকায় রয়েছে কুলেন্দ্র কোচিং সেন্টার। সেখানেই শিক্ষকতা করেন গিরওয়ার সিং। অভিযুক্ত দুই ছাত্র তিন বছর আগে ওই কোচিং সেন্টারে পড়তো। দ্বাদশ শ্রেণি পর্যন্ত ওই কোচিং সেন্টারেই পড়াশোনা করেছে তারা। কিন্তু সে সময়ের বেশ কয়েক মাসের বেতন বাকি ছিল দুই ছাত্রের। সেই বকেয়া টাকা বেশ কয়েক বার চেয়েছিলেন গিরওয়ার। সে জন্যই শিক্ষকের ওপর ক্ষুব্ধ ছিল ওই দুই ছাত্র। এজন্যই এই গুলি চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
ভিডিওতে দেখা গিয়েছে, কোচিং সেন্টারের সামনে শিক্ষকের সঙ্গে কথা বলছে তারা। বাইকে বসেই কথা বলতে দেখা যায়। কথা বলতে বলতে হঠাৎ এক ছাত্র কোমর থেকে বের করলো পিস্তল। তার পর গুলি করে দিল শিক্ষকের পেটে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন ওই শিক্ষক। এরপর দুই অভিযুক্ত ছাত্র বাইক নিয়ে পালিয়ে যায়।
জানা গেছে, এই ঘটনার পর আহত শিক্ষককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর গ্বালিয়রের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে।
ঘটনা নিয়ে মোরেনার অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা নিয়ে এফআইআর দায়ের হয়েছে। আমরা অভিযুক্তদের শিগগির গ্রেফতার করবো। তাদের খোঁজে তল্লাশি চলছে।