নুসরাতের ‘কুরুচিকর’ মন্তব্যে পাল্টা জবাবে যা বললেন রুদ্রনীল ঘোষ

টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানকে নিয়ে এমনিতেই বিতর্ক ডালপালা মেলে থাকে। নিজের ব্যক্তিজীবন ও খোলামেলা পোশাকে সর্বদা সমালোচিত হন এই অভিনেত্রী। তার বিরুদ্ধে অভিযোগ, নিজের নির্বাচনী এলাকা বসিরহাটে নয়, দেখা মেলে ইনস্টাগ্রামে। এবার জনসভায় বিতর্কিত মন্তব্যের জেরে চর্চায় নুসরাত।

দিন কয়েক আগে বসিরহাটের জনসভায় আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে নুসরাত বলেছিলেন, ‘একটাও ভোট পাবে না। বসিরহাটের মানুষ তোমাকে বড় একটা বাঁশ দিয়ে ঢাপা ঢাপ ঢাপা ঢাপ দেবে এই পঞ্চায়েতে, তা সে বিজেপি আসুক, কংগ্রেস আসুক।’

নায়িকার মুখে এমন মন্তব্য ঘিরে কম বিতর্ক হয়নি। এবার তৃণমূল নেত্রী নুসরাতের এই মন্তব্যের কড়া জবাব দিলেন টলিউড অভিনেতা ও বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাঁশ দিয়ে মারলে ঢাপা ঢাপ করে আওয়াজ হয় বলে আমি জানতাম না। এত দিন জানতাম বাঁশ দিয়ে মারলে দুমদাম করে আওয়াজ হয়। হয়তো নুসরত জাহানের খুব প্রিয় শব্দ ঢাপ, কেন উনি ঢাপে চলে গেলেন আমি জানি না। যার যা পছন্দ সে সেই ধরণের ভাষাই ব্যবহার করে।’

এমনিতে ট্রোলের জবাব দিতে আগ্রহী থাকেন না নুসরাত। তবে রুদ্রনীলের এই মন্তব্য ভাইরাল হতেই নুসরতের সোশ্যাল মিডিয়ার দেয়ালে ভেসে উঠল বার্তা। সেখানে নায়িকা একটি উদ্ধৃতি তুলে ধরেছেন। তাতে লেখা, ‘চেহারায় উজ্জ্বলতা আসে, যখন তুমি বিষাক্ত মানুষের থেকে দূরে থাকো।’ নিন্দুকদের দাবি, এই বার্তার মাধ্যমে রুদ্রনীলকেই বিঁধেছেন নুসরাত।

উল্লেখ্য, সম্প্রতি ‘শিকার’ ছবির কাজ শেষ করেছেন নুসরাত। দেবরাজ সিনহার পরিচালনায় এতে তার স্বামী যশ দাশগুপ্ত ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা যাবে। এছাড়া বাবা যাদবের একটি ছবিতে ফের স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *