থামছেই না অশান্তি, মণিপুরে নতুন করে সহিংসতা, নিহত ৯ জন

আবারো জাতিগত সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। নতুন করে ছড়িয়ে পড়া এই সহিংসতায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে এক নারীসহ নয়জন নিহত হয়েছেন। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রাজ্যটির খামেনলোক এলাকায় গভীর রাতে গুলি চালানোর ঘটনায় এই মৃত্যু হয়েছে।

এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে। সহিংসতায় নিহতদের মধ্যে কয়েকজনের শরীরে কাটা দাগ এবং একাধিক বুলেটের আঘাত রয়েছে বলে সূত্র জানিয়েছে।

জাতিগত সংঘর্ষের কারণে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যটিতে এক মাসেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। আর সর্বশেষ এই ঘটনা মণিপুর রাজ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।

এছাড়া মঙ্গলবার রাতের ঘটনার পর শিথিল কারফিউ আবারো কঠোর করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন ইস্যুতে মণিপুর রাজ্যের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মাঝে উত্তেজনা চলছে। গত মাসের শুরুর দিকে স্থানীয় কুকি উপজাতিরা তফসিলি উপজাতির মর্যাদার দাবির প্রতিবাদে ৩ মে সংহতি সমাবেশের আয়োজন করে। এই সমাবেশ ঘিরে ওই দিন পার্বত্য এই রাজ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ওই সহিংসতায় ৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। এতে কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয় এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *