পরমব্রত-আবিরের ‘বিয়ে বিভ্রাট’, প্রকাশ্যে সিনেমার পোস্টার

টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায় পড়েছেন ‘বিয়ে বিভ্রাট’-এ। বরের বেশে দুজন, যার রাশ টেনে ধরে আছেন কনে। বিয়ে নিয়েই যত কাণ্ডকারখানা। এসবই হয়েছে পরিচালক রাজা চন্দের ইশারায়।

সম্প্রতি রাজা চন্দ পরিচালিত ‘বিয়ে বিভ্রাট’ ছবির পোস্টার এসেছে প্রকাশ্যে। আর তাতেই দুজনের মাথায় টোপর আর গলায় বরমালা। তবে পোস্টার দেখে যা বোঝা যাচ্ছে, তাতে এবার মিষ্টি প্রেমের গল্পে জুটি বেঁধেছেন তারা। সঙ্গে নায়িকা হিসেবে রয়েছেন লহমা ভট্টাচার্য।

জিতের ‘রাবণ’ সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন লহমা। শোনা গেছে, সেই সিনেমার কয়েক মাসের মধ্যেই ‘বিয়ে বিভ্রাট’-এর শুটিং শুরু হয়ে যায়। ছবিতে মোহর নামের চরিত্রে রয়েছেন লহমা। বন্ধুত্ব ও প্রেমের গল্প বলবে নতুন এই ছবি।

শুধু অভিনয়ই নয়, ছবির চিত্রনাট্য লেখার কাজও করেছেন পরমব্রত। প্রযোজনাতেও ভাগ বসিয়েছে নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রোড শো ফিল্মস’। এদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আবিরের ‘ফাটাফাটি’ সিনেমা। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে ছবিটি। এর আগে ‘শাহাজাহান রিজেন্সি’, ‘বাইশে শ্রাবণ’, ‘বাস্তু শাপ’, ‘পুতুল নাচের ইতিকথা’র মতো ছবিতে একসঙ্গে দেখা গেছে এই দুই নায়ককে।

এবার রমকম ধাঁচের সিনেমা ‘বিয়ে বিভ্রাট’ নিয়ে হাজির হচ্ছেন দুজন। আগামী ১৪ জুলাই সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। পরমব্রত ও আবিরের সঙ্গে পরিচালক রাজা চন্দের এটাই প্রথম কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *