জাতিদাঙ্গা থামার বিরাম নেই, মণিপুরে জাতিগত সংঘর্ষে নিহত বেড়ে ৬০, আহত ২৩১ জন

মণিপুর রাজ্যে চলছে ব্যাপক অস্থিরতা। এর আগে মণিপুরে মেতিস গোষ্ঠীকে স্কেজিউলড ট্রাইবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় আদালত। সেই রায়কে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর রাজ্য।

ভারতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে শুরু হওয়া জাতিগত দাঙ্গায় এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এ দাঙ্গায় আহত হয়েছেন আরো ২৩১ জন। রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

গত বুধবার (৩ মে) রাজ্যটির কুকি উপজাতির সঙ্গে স্থানীয় সংখ্যাগরিষ্ঠ মেতিস গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণ, এখানকার মেতিস সম্প্রদায়কে আদিবাসী তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিগত ১০ বছর ধরে তারা আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন করে আসছিল।

প্রতিবাদে মেতিসদের যাতে আদিবাসী স্বীকৃতি দেয়া না হয়, তারই দাবিতে বুধবার (০৩ মে) রাজ্যটির চূড়াচাঁদপুর জেলায় মিছিল বের করে আদিবাসী ছাত্র সংগঠন এটিএসইউএম। তাদের দাবি, মেতাইদের তফসিলি স্বীকৃতি দিলে মণিপুরের প্রকৃত আদিবাসীদের অধিকার ক্ষুণ্ণ হবে।

পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমের দাবি, বুধবারের মিছিল থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর মণিপুরের বিভিন্ন জেলায় দুই জনগোষ্ঠীর মধ্য সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

দাঙ্গায় এখন পর্যন্ত ৬০ জন নিহত হয়েছে জানিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত অন্তত ৬০ জন মানুষ প্রাণ হারিয়েছে এবং এ সহিংসতায় অন্তত ২৩১ জন আহত হয়েছে। এছাড়াও, ৩ মে শুরু হওয়া দুর্ভাগ্যজনক ঘটনায় (দাঙ্গা) প্রায় ১ হাজার ৭০০ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।’ এ সময় তিনি রাজ্যবাসীর প্রতি শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধারে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

মণিপুরে সহিংসতায় এখন পর্যন্ত ৩৫ হাজার লোক বাস্তুহারা হয়েছেন। এর পাশাপাশি দুষ্কৃতিকারীরা পুলিশের অস্ত্রাগার থেকে ১ হাজার ৪১টি অস্ত্র এবং প্রায় ১ হাজার গুলি লুণ্ঠন করে নিয়ে গেছে।

সূত্র: সিনহুয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *