BigNews: ১০০ টাকার ওপরের সব নোট বাতিল চেয়ে ভারতে মামলা, সরকারের মতামত হাইকোর্ট

১০০ টাকার ওপরের সব বড় নোট বাতিল চেয়ে ভারতের রাজধানী দিল্লির হাইকোর্টে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। দেশকে দুর্নীতিমুক্ত করতে ১০০ টাকার ওপরের কোনও নোট বাজারে না রাখার দাবি জানিয়েছেন তিনি।
মামলা গ্রহণ করে এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারের মতামত জানতে চেয়েছে দিল্লি হাইকোর্ট।
বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, শুধু ১০০ টাকার ওপরের ব্যাংক নোট সম্পূর্ণ তুলে নেওয়াই নয়, বরং নগদ ১০ হাজার টাকার বেশি লেনদেন করার ওপর নিষেধাজ্ঞারও আবেদন জানানো হয়েছে ওই মামলায়। পাশাপাশি ৫০ হাজার টাকার বেশি মূল্যের সম্পত্তির ক্ষেত্রে আধার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে।
মামলাকারী দিল্লি হাইকোর্টের আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়ের দাবি, আর্থিক দুর্নীতিতে রাশ টানতে এই তিনটি পদক্ষেপ নিতেই হবে। তিনি বলেছেন, ‘ভারতের স্বাধীনতার ৭৫ বছর পর একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হওয়ার ৭৩ বছর কেটে গেলেও (দেশের) কোনও একটি জেলাও ঘুষ, কালো টাকা, বেনামি লেনদেন, হিসাব-বহির্ভূত সম্পদ, কর ফাঁকি অথবা আর্থিক প্রতারণা থেকে মুক্ত হতে পারেনি।’
এই সমস্যার সমাধান হিসাবে আদালতের কাছে বিমান বা রেল টিকিট, বিদ্যুতের ও গ্যাসের বিলের মতো যাবতীয় বিল ১০ হাজার টাকার বেশি হলে তা নগদে জমা দেওয়া বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবী অশ্বিনীকুমার। এমনকি, ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও নগদে কেনাকাটায় বিধিনিষেধের আবেদন করেছেন তিনি।