OMG! বৈশাখের গরমে দিল্লিতে ‘অকাল শীত’, তাপমাত্রা হঠাৎ করে নামল ১৫ ডিগ্রিতে!

মে বা বৈশাখে কুয়াশার কথা কল্পনাও করা যায় না। এসময় শীতকালের মতো তাপমাত্রা তো এক প্রকার অসম্ভবই বলা চলে। কিন্তু পরিবেশের এমনই খামখেয়ালিপনা দেখা গেল ভারতের রাজধানী দিল্লিতে।
গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই দিল্লির তাপমাত্রা কমে গেছে। বৃহস্পতিবার (৪ মে) সকালে সেই তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ভরা বৈশাখে প্রকৃতি শীতের আমেজ ফিরিয়ে দিয়েছে দিল্লিকে।
সেখানকার আবহাওয়া অফিস বলছে, ১৯৮২ সালের ২ মে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০২৩ সালের ৪ মে সেই তাপমাত্রা হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৪১ বছরের মধ্যে সর্বনিম্ন।
গত মাসে যেখানে দিল্লির তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, তারপরই সেই তাপমাত্রা এক ধাক্কায় ১৫ ডিগ্রিতে নেমে আসবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। কারণ এই সময়ে যেখানে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পেরিয়ে যায়, সেখানে আবহাওয়ার খামখেয়ালিপনায় এই পরিস্থিতিতে শীত শীত আমেজ ফিরে আসায় দিল্লিবাসী স্তম্ভিত, তবে আনন্দিতও বটে।
শুধু তাপমাত্রার পতনই নয়, আজ (বৃহস্পতিবার) সকালে গোটা রাজধানী ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। এতে করে দৃশ্যমানতা অনেকটাই নেমে যায়। তার সঙ্গে সকালে ৩০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। এপ্রিলে ২০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছিল। যা ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বেশি। পশ্চিম দিক থেকে আসা ঝোড়ো বাতাসের প্রভাবে গত রোববার (৩০ এপ্রিল), সোমবার (১ মে) ও মঙ্গলবার (২ মে) টানা বৃষ্টি হয়। এছাড়া টানা মেঘলা আবহাওয়ার কারণে স্বাভাবিকের থেকে দিল্লির তাপমাত্রা ১০ ডিগ্রি কমে গেছে। রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ২৬.২ ডিগ্রি, মঙ্গলবার ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
#WATCH| A thick layer of fog enveloped parts of the national capital this morning
(Visuals from Ashram) pic.twitter.com/STnL305c3y
— ANI (@ANI) May 4, 2023
সেখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম দিক থেকে আবারও ঝড়ো বাতাস আসছে। শুক্রবার (৫ মে) থেকে উত্তর-পশ্চিম ভারতে এর প্রভাব পড়বে। এর প্রভাবে আগামী রোববার (৭ মে) পর্যন্ত আকাশ মেঘলা থাকার পাশাপাশি মাঝে মাঝে বৃষ্টিও হতে পারে। রোববার (৮ মে) পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি নিচে থাকবে বলেও জানানো হয়েছে।