কিশোরীকে ধর্ষণের পর হত্যা, কালিয়াগঞ্জে থানা জ্বালিয়ে দিলো জনতা

উত্তর দিনাজপুরে এক কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় থানায় আগুন ধরিয়ে দিয়েছে একদল বিক্ষোভকারী। এতে থানা ভবনের একাংশ ও পুলিশের কয়েকটি গাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানায় এই হামলার ঘটনা ঘটেছে।

এক কিশোরীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। থানা ভবন এবং থানা চত্বরের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

এই ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে কালিয়াগঞ্জ থানা এলাকা। স্থানীয় জনতার সাথে সংঘর্ষের সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ এই ঘটনায় জড়িত অভিযোগে কয়েক জনকে গ্রেফতার করেছে।

সম্প্রতি কালিয়াগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনা ঘিরে একাধিকবার অগ্নিগর্ভ হয়ে ওঠে কালিয়াগঞ্জ এলাকা। মঙ্গলবার দুপুরের দিকে কালিয়াগঞ্জে থানা অভিযান কর্মসূচি পালনের ডাক দিয়েছিল রাজবংশী তফসিলি আদিবাসী সমন্বয় কমিটি। ওই কর্মসূচি থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলা হয়।

কমিটির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার শত শত মানুষ থানা অভিযানে অংশ নেন। কর্মসূচির আগাম খবর পেয়ে থানার সামনে তিনটি জায়গায় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। তবে সেসব ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

পুলিশের কাঁদানের গ্যাস নিক্ষেপের কারণে বিক্ষোভকারীরা আরও মারমুখী হয়ে ওঠেন। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা থানায় ঢুকে ভাঙচুর চালান। আগুন লাগিয়ে দেওয়া হয় থানা ভবনের একাংশে। অগ্নিকাণ্ডে থানায় রাখা একাধিক বাইক ও কয়েকটি গাড়ি পুড়ে যায়।

একই দাবিতে মঙ্গলবার রায়গঞ্জে পুলিশ সুপারের দপ্তর ঘেরাও অভিযান পালন করে রাজ্যের বিরোধীদল বিজেপি। সেই কর্মসূচি ঘিরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *