প্রেমের টানে ইঞ্জিনিয়ার থেকে দাগি অপরাধী, অতঃপর হলো জেল

তার জীবন যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে চাকরি করতেন দুবাইয়ের একটি বহুজাতিক সংস্থায়। কিন্তু প্রেমিকার জন্য ফিরে আসেন স্বদেশে। তার পেছনে টাকা উড়াতে থাকেন দু’হাতে। একপর্যায়ে জমানো টাকা খরচ হয়ে গেলে পা দেন অপরাধের জগতে। এরপর গ্রেফতার হয়ে জেলে। এভাবেই যুবকের একসময়ের সাজানো গোছানো জীবনে অন্ধকার নেমে আসে কথিত প্রেমের কারণে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, যুবকের নাম হেমন্ত কুমার রঘু, জন্ম তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায়। মেধাবী ছাত্র ছিলেন। দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস। দুবাইয়ে একটি বহুজাতিক সংস্থায় মোটা বেতনে চাকরি করতেন তিনি।
সেখানে বিহার থেকে যাওয়া এক তরুণীর প্রেমে পড়েন এ যুবক। মেয়েটি একটি নাইটক্লাবের নর্তকী ছিল। প্রেমিকার আবদার রাখতে তাকে নিয়ে বিহারের মুজাফফরপুরে চলে যান রঘু। সেখানে প্রেমিকার পেছনে দু’হাতে উড়াতে থাকেন ১৫ বছরের চাকরিজীবনে তিলে তিলে জমানো টাকা। একসময় খরচ হয়ে যায় সব সঞ্চয়। এরপরও ‘প্রেমিকার মন রাখার জন্য’ অবশেষে পা বাড়ান অপরাধের জগতে।
সেই রঘু আজ ভারতের দাগি অপরাধী। সম্প্রতি এক নারীর কাছ থেকে ২ লাখ ২০ হাজার রুপি চুরির অভিযোগে তিন সহযোগীসহ গ্রেফতার হয়েছেন তিনি।
বিহারের পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ এবং দুটি চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মুজাফফরপুরের ডিএসপি মনোজ পান্ডে জানান, রঘু একটি অপরাধচক্র তৈরি করে ফেলেছিলেন। পেশাদার অপরাধীতে পরিণত হয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদে মুজাফফরপুর জেলার একাধিক অপরাধে জড়িত থাকার কথা জানিয়েছেন এ যুবক।
পুলিশের মতে, আইআইটি ইঞ্জিনিয়ার থেকে দাগি অপরাধী হয়ে ওঠা রঘুর গল্প যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়!