কিশোরী ‘অস্বাভাবিক’ মৃত্যু ঘিরে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষ, ক্ষোভে ফেটে পড়লো জনতা

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার সাহেবঘাটা গ্ৰামের ওই কিশোরীর সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজনসহ আশপাশের এলাকায় খোঁজখবর নিয়েও সন্ধান মেলে না তার।

অবশেষে শুক্রবার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বের একটি পুকুরে মেয়েটির মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। কিন্তু কিশোরীর মরদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেন স্থানীয়রা। পুলিশের ওপর ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই কিশোরীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তাদের দাবি, আগে অপরাধীকে গ্ৰেফতার করতে হবে। কিন্তু বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে মেয়েটির নিথর দেহ টেনে-হিচড়ে নিয়ে যেতে থাকে পুলিশ। এ দৃশ্য দেখে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর চড়াও হতে শুরু করে। মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা।

পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে উত্তেজিত জনতা। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে কালিয়াগঞ্জ থানার পুলিশ। বেশ কয়েক রাউন্ড কাঁদানেগ্যাসও নিকে্ষপ করা হয়। পরে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ আসে ও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *