ইউক্রেনের যুদ্ধবন্দি এক সেনাকে শিরচ্ছেদ করে নির্মমভাবে হত্যা-বিচার চাইলেন জেলেনস্কি

ইউক্রেনের যুদ্ধবন্দি এক সেনাকে শিরচ্ছেদ করে নির্মমভাবে হত্যা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

এছাড়া একই সময়ে মাথা ও হাতবিহীন দুই সেনার মাটিতে পড়ে থাকার আরেকটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গেও চরম নির্মমতা করেছেন রুশ সেনারা। আর এ ঘটনাগুলো সামনে আসার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিচার চেয়েছেন ইউক্রনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘বিশ্ব এ ভিডিওগুলো এড়িয়ে যেতে পারে না। কত সহজে এ জানোয়াররা মানুষ হত্যা করতে পারে। আমরা কোনো কিছুই ভুলব না, হত্যাকারীদের ক্ষমা করব না। সবকিছুর জন্য আইনি দায়বদ্ধতা থাকবে। সন্ত্রাসীদের পরাজয় খুবই প্রয়োজন।’

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বড় একটি ছুরি দিয়ে এক রুশ সেনা ইউক্রেনের সেনার গলা কাটছেন। ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে সেটি নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে এটি গত গ্রীষ্মের (জুলাই)। কারণ ভিডিওতে সবুজ পাতা দেখা যাচ্ছে।

ভাইরাল হওয়া অপর ভিডিওটিতে দেখা যায়, মাথা ও হাতবিহীন দু’টি প্রাণহীন দেহ একটি সাঁজোয়া যানের পাশে পড়ে আছে। পোশাক দেখে বোঝা যাচ্ছে তারা ইউক্রেনের সেনা। এসময় ভিডিওতে রুশ ভাষায় একজনকে বলতে শোনা যায়, নিহত ওই দুই সেনাদের বহনকারী যানটি একটি মাইন বিস্ফোরণের কবলে পড়ে। এতে তারা ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে দ্বিতীয় ভিডিওটি দোনেৎস্কের বাখমুত শহরের। তবে এ দুই সেনাকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়।

রাশিয়ার কাছ থেকে এ ভিডিওগুলোর ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এর জবাবে রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকোভ জানিয়েছেন, কোনো কিছু বলার আগে এগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *