বাবাকে আত্মাহত্যায় বাধা দেওয়ায়, নিজের ৮ বছরের কন্যাকে শ্বাসরোধ ও গলা কেটে খুন

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার ঘটনা। আত্মহত্যা করতে গিয়েছিলেন বাবা, তাতে বাধা হয়ে দাঁড়ায় ৮ বছরের কন্যাশিশু। পরে আত্মহত্যা করতে না পেরে রাগের বশে নিজের শিশুকন্যাকেই খুন করার অভিযোগ উঠছে বাবার বিরুদ্ধে।
এরই মধ্যে অভিযুক্ত বাবা মহম্মদ ইকবাল খাতানাকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারকৃত ইকবাল পেশায় গাড়ি চালক। কয়েকদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। গত বুধবার সন্ধ্যায়, স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে আত্মহত্যার কথা বলে ইকবাল একটি ছুরি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যান। বাবার পিছনে পিছনে বেরিয়ে যায় ৮ বছরের শিশুকন্যাও।
ইকবাল গাড়িতে ওঠার সময় তার মেয়ে তাকে বাধা দেয়। ইকবাল তাকে বুঝিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করলেও সে শোনেনি। চকোলেট দেওয়ার লোভ দেখালেও সে ঐ জায়গা ছেড়ে যায়নি। এরপর রাগের বশে নাছোড়বান্দা কন্যাকে শ্বাসরোধ করে খুন করেন ইকবাল। পরে মেয়ের গলা কেটে একটি কাঠের গুদামে দেহ ফেলে দিয়ে আসেন।
কয়েক ঘণ্টা পর ইকবাল বাড়ি ফিরে আসেন। পরিবারের লোকজন তাকে মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে জানান, মেয়ে তার সঙ্গে ছিল না। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। বাবা ইকবালকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলাকালীন ইকবাল নিজের কন্যাসন্তানকে খুন করার কথা স্বীকার করেন। এরপর তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ইকবাল এবং তার স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। আর তা নিয়েই তিনি অবসাদে ভুগতেন। নিহত কন্যাসন্তান ছাড়াও ইকবালের আরো তিন সন্তান রয়েছে।
সূত্র: এনডিটিভি