নিলামে উঠছে অতি বিরল গোলাপী হীরা, কিনতে ভিড় করছে আগ্রহী ক্রেতারা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে উঠেছে অতি বিরল রঙের একটি গোলাপী হীরা। ‘অতুলনীয় উজ্জ্বলতার’ হীরাটি কম হলেও ৩৫ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৪ কোটি টাকা) বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (২৯ মার্চ) বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবি হীরাটি নিলামের ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, হীরাটির ওজন ১০ দশমিক ৫৭ ক্যারেট। এর নাম দেয়া হয়েছে ‘দ্য ইটার্নাল পিংক’। আগামী জুন মাসে এই নিলাম শুরু হবে।

চার বছর পূর্বে বোতসোয়ানাতে নিজেদের একটি মাইনে এই হীরাটি পায় দক্ষিণ আফ্রিকার কোম্পানি ডি বিয়ার্স।
সোথবি জানিয়েছে, এই বেগুনি আভাময় গোলাপী হীরা অত্যন্ত বিরল এবং নিলামে ওঠা সবথেকে দামি হীরা হতে যাচ্ছে এটি।
হীরার দাম মূলত নির্ধারন করেন রত্নবিদ্যা বিশেষজ্ঞরা। ক্যারেট, কাট, রঙ এবং স্বচ্ছতা বিবেচনায় এর দাম নির্ধারণ করা হয়।

কিগ ব্রুনিং নামের এক কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, এটি ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ হীরার তালিকায় স্থান করে নিয়েছে।

তিনি বলেন, এই রঙটি গোলাপী রঙের হীরার মধ্যে সবচেয়ে সুন্দর। এর আগে কখনও এমন হীরা বাজারে দেখিনি আমি। এই হীরার বিরলতা এবং এর মধ্যে থাকা গোলাপী আভা এটিকে মাস্টারপিস করে তুলেছে। ম্যাগ্রিট বা ওয়ারহোলের চেয়েও এই হীরা বেশি বিরল।

সাম্প্রতিক বছরগুলোতে গোলাপী হীরার দাম অনেক বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে অস্ট্রেলিয়ার আর্গিল মাইন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে গোলাপী হীরার সরবরাহ অনেকটাই বন্ধ হয়ে গেছে বিশ্বে। এর আগে বিশ্বের বেশিরভাগ গোলাপী হীরা সরবরাহ করতো এই মাইন। ফলে ২০২১ সালের জুনের আগেই গোলাপী হীরার দাম ৩০ শতাংশ বেড়ে যায়।

২০১৯ সালে প্রথম পাওয়া যায় ‘দ্য ইটার্নাল পিংক’ হীরাটিকে। এসময় এর আকৃতি ছিল ২৩.৮৭ ক্যারেটের। এরপর এটিকে কেটে বর্তমান আকার দেয়া হয়। এ জন্য প্রায় ৬ মাস লেগেছে।

আমেরিকার জেমোলজিক্যাল ইনস্টিটিউটে (জিআইএ) জমা দেওয়া তিন শতাংশেরও কম হীরা রঙিন হয়। এরমধ্যে সবথেকে বিরল হচ্ছে গোলাপী হীরা। জিআইএ’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টম মোসেস ইটারনাল পিঙ্ককে একটি ‘অত্যাশ্চর্য নমুনা’ বলে অভিহিত করেছেন। এটি বিশ্বের সবচেয়ে অসাধারণ রত্নগুলির মধ্যে একটি।

শনিবার হংকংয়ে হীরাটি উন্মোচন করা হবে। জুনে বিক্রয়ের জন্য নিউইয়র্কে যাওয়ার আগে এটি দুবাই, সিঙ্গাপুর এবং জেনেভা সহ বেশ কয়েকটি শহরে প্রদর্শিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *