সম্পত্তি নিয়ে বিরোধ, বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলো ছেলে

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
গত শনিবার (১১ মার্চ) ভারতের তিওয়ারিপুর থানার অন্তর্গত সুরজ কুন্ড কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত সন্তোষ কুমার ওরফে প্রিন্স (৩০) পারিবারিক সব সম্পত্তি নিজের করে নিতে চেয়েছিল। এই নিয়ে বাবা মুরলিধর গুপ্তের (৬২) সঙ্গে ঝগড়ায় জড়ান তিনি। এক পর্যায়ে ক্রোধ সংবরণ করতে না পেরে বাবাকে হাতুড়ি দিয়ে মারতে শুরু করেন প্রিন্স। হাতুড়ি দিয়ে মেরে বাবার দেহ টুকরো টুকরো করে ফেলেন তিনি। পরে দেহের টুকরোগুলি একটি স্যুটকেসের ভিতরে ভরে বাড়ির পিছনে রাস্তায় লুকিয়ে রাখেন।

পুলিশ জানিয়েছে, খুন হওয়ার সময় বাড়িতে একাই ছিলেন মুরলিধর। সেই সুযোগেই বাবাকে খুন করেন প্রিন্স। ভাইয়ের ঘর থেকেই স্যুটকেস নিয়ে এসেছিলেন অভিযুক্ত।

প্রিন্সের ভাই প্রশান্ত জানিয়েছে, পুলিশ এরইমধ্যে দেহের টুকরোগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রশান্ত।

স্থানীয় পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই জানিয়েছেন, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এরইমধ্যে সন্তোষ কুমার গুপ্ত ওরফে প্রিন্স নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *