“ভারত আগামী ৫০ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হবে”
প্রথম ত্রৈমাসিক সংসদীয় ব্রিফিং করেছে গ্লোবাল ব্রিটেন সেন্টার (জিবিসি)। স্থানীয় সময় শুক্রবার চলতি বছরের এই সংসদীয় ব্রিফিংয়ে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিকমুখী ঝোঁক এবং বিশেষ করে প্রধান মিত্র বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের প্রশংসা করা হয়েছে।
এ ছাড়া জিবিসি পার্লামেন্টারি ব্রিফিংয়ে ইন্দো-প্যাসিফিকের বৈশ্বিক ব্রিটেনের (গ্লোবাল ব্রিটেন) সম্পৃক্ততাকে কীভাবে শক্তিশালী করা যায়, তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
ব্রিফিংয়ে নেতৃস্থানীয় ব্রিটিশ এমপি জ্যাকব রিস-মগ, স্যার গ্রাহাম ব্র্যাডি, ব্রিটেনের ডিফেন্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান টোবিয়াস এলউড, যুক্তরাজ্যের সিনিয়র ইন্ডিয়ান পলিসিবিষয়ক ব্যারনেস সন্দীপ ভার্মা বক্তব্য রাখেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এ সময় ব্রিটিশ সংসদ সদস্য জ্যাকব রিস-মগ বলেন, ভারতের সঙ্গে ভবিষ্যতে যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে।
জ্যাকব রিস-মগ আরও বলেন, ভারত আগামী ৫০ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হবে। কারণ দেশটিতে মুক্তবাজার, একটি মুক্ত গণতন্ত্র এবং আইনের শাসন রয়েছে৷ আর এগুলো দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সাফল্যের স্তম্ভ। এ ছাড়া ভারতের বিষয়টি প্রাথমিকভাবে যুক্তরাজ্যের স্বার্থে এর সঙ্গে যুক্ত।
জিবিসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমান ভোগাল বলেন, গ্লোবাল ব্রিটেন এবং নিউ ইন্ডিয়ার মধ্যে অংশীদারত্ব হলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মতো, যা ব্রিটিশ ভারতীয় প্রবাসীদের একটি জীবন্ত সেতুর মতো সংযুক্ত করেছে। স্বাধীন গণতান্ত্রিক মূল্যবোধের দ্বারা উজ্জীবিত উভয় দেশ। আমরা বৈশ্বিক কল্যাণের জন্য আমাদের দুই দেশের অপরিমেয় সদিচ্ছাকে কাজে লাগিয়ে বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্রের মধ্যে বিশ্বাস ও বোঝাপড়া তৈরি করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি।