OMG! মোরগের নিরাপত্তা চেয়ে থানায় গৃহকর্ত্রী, প্রতিবেশীর বিরুদ্ধে করলেন অভিযোগ

শখ করে একটি মোরগ কিনে এনেছিলেন জানকী বাঈ বিজ্ঝর নামে ভারতের ছত্তীসগঢ়ের রাইপুরের রতনপুরের এক গৃহকর্তী। নিজের সন্তানের মতোই মোরগটিকে লালনপালন করে বড় করে তোলেন তিনি।
কিন্তু জানকীর সন্দেহ হয়, প্রতিবেশীরা তার প্রিয় মোরগটিকে চুরি করে খেয়ে ফেলতে পারেন। তাই আগলে আগলে রাখা শুরু করেন।

জানকীর অভিযোগ, গত কয়েক মাস ধরে পাশের বাড়ির বুগল এবং দুর্গা তার মোরগের দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিলেন। তাতে জানকীর সন্দেহ আরো গাঢ় হয়।
তার আরো দাবি, এই দুই প্রতিবেশী সব সময় মোরগের প্রতি নজর রাখতেন। এক দিন মোরগটিকে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন বুগল, এমনও অভিযোগ তুলেছেন জানকী।

তার মোরগের জীবন সংশয় হয়ে ওঠায় চিন্তায় পড়েন জানকী। এরপর থেকে মোরগটিকে ঘরেই রাখতে শুরু করেন। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। এক দিন কাজে বেরিয়েছিলেন জানকী। বিকালে বাড়ি ফিরে এসে দেখেন মোরগটি নেই। হন্তদন্ত হয়ে ছোটেন বুগাল এবং দুর্গার বাড়িতে।

জানকীর দাবি, তিনি গিয়ে দেখেন বুগালের বাড়িতে বাঁধা রয়েছে মোরগটি। সেটিকে কেটে খাওয়ার তোড়জোড়ও চলছিল। বুগলের সঙ্গে হাতাহাতি করে শেষমেশ মোরগটিকে বাড়িতে নিয়ে আসেন।

জানকীর আরো দাবি, মোরগের গলায় গভীর একটা ক্ষত ছিল। এর পরই মোরগের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হন জানকী।

পুলিশ জানিয়েছে, মোরগ নিয়ে দুই পক্ষের ঝামেলার সমাধান করার চেষ্টা চলছে। এর পরেও বিষয়টি না মিটলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

ওদিকে, মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চাওয়ায় জানকীকে নিয়ে হাসি-ঠাট্টা শুরু হয়েছে। তাতে অবশ্য ভ্রুক্ষেপ করছেন না মোরগের মালিক।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *