কান্নায় ভেঙে পড়লেন অনুপম খের, প্রিয় বন্ধুকে হারিয়ে শোক প্রকাশ অভিনেতার

এক-দুই দিনের নয়, ৪৫ বছরের দীর্ঘ বন্ধুত্ব দুজনার। নিজেদের জীবনের ওঠা-নামা দেখেছেন একসঙ্গে। আনন্দ-বেদনায় একে অন্যের পাশে থেকেছেন সর্বদা। আর সেই বন্ধুই কিনা চিরতরে বিদায় নিচ্ছে। কোনোভাবেই মানতে পারছেন না বলিউড অভিনেতা অনুপম খের। বন্ধু সতীশ কৌশিকের শেষ যাত্রায় কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা।

বন্ধুর নিথর দেহের দিকে অপলক তাকিয়ে থেকে শুধুই কেঁদে চললেন। অনুপমের এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৭ মার্চ দুই বন্ধুকে জাভেদ আখতারের বাড়ির হোলির পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল।

বৃহস্পতিবার (৯ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের বিখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক। বয়স হয়েছিল ৬৬ বছর। বলি অভিনেতা ও নির্মাতার মৃত্যুর খবর টুইট করে জানান সতীশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের।

বন্ধুর সঙ্গে নিজের ছবিসহ বৃহস্পতিবার সকালে অনুপম টুইট করেন, ‘আমি জানি, মৃত্যুই সবচেয়ে বড় সত্যি। কিন্তু আমার প্রিয় বন্ধুর জন্য এটা লিখতে হবে স্বপ্নেও ভাবিনি। ৪৫ বছরের বন্ধুত্বে আচমকা পূর্ণচ্ছেদ! সতীশকে ছাড়া জীবন কখনোই একরকম থাকবে না। ওম শান্তি।’

বুধবার (৮ মার্চ) দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন সতীশ। রাতে হঠাৎ বুকে অস্বস্তি শুরু হয়। তারপর যন্ত্রণা। সে সময় বন্ধুকে ব্যাপারটা জানাতেই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে রওনা দেওয়া হয়। যদিও পৌঁছনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ‘মিস্টার ইন্ডিয়া’র অভিনেতা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

উল্লেখ্য, কৌতুক চরিত্রে অভিনয় করতেন সতীশ কৌশিক। বিভিন্ন সিনেমায় তার উপস্থিতি কয়েক দশক ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। শেষ অভিনয় করেছেন কঙ্গনা রানাউত পরিচালিত ‘ইমার্জেন্সি’তে। স্বাধীনতার সময়কার ঐতিহাসিক চরিত্র জগজীবন রামের ভূমিকায় এই ছবিতেই শেষ দেখা যাবে তাকে। সতীশের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *