কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ৩ ঘণ্টায় খুনিকে ধরল পুলিশ, আধুনিক প্রযুক্তিতে খুশি কর্মকর্তা
তিন ঘণ্টার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশল এবং ক্যামেরা ব্যবহার করে অপরাধীকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।
দুবাইয়ে মাত্র ৬০ দিরহাম নিয়ে বিরোধের জেরে দুই এশিয়ানের মধ্যে তুমুল ঝগড়া হয়। শেষ পর্যন্ত সেই ঝগড়ায় একজন খুনের শিকার হন। আর খুনিও পালিয়ে যান অজানা গন্তব্যে।
দুবাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তার অপরাধ স্বীকার করার পর তাকে আরো আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
দেশটির আল-রিফা থানার পরিচালক কর্নেল ওমর মোহাম্মদ বিন হাম্মাদ জানান, রাস্তায় পার্ক করা একটি গাড়ির মধ্যে একজনকে ছুরিকাঘাতে হত্যার খবর আসে। এর তিন মিনিটের মধ্যে টহল পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে। তাদের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্সে করে মরদেহ ফরেনসিক বিভাগে নেয়া হয়। বুকে ছুরিকাঘাতের কারণে ঐ ব্যক্তির মৃত্যু হয়। ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, অভিযুক্তকে একটি ভবন থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তি সেখান থেকেও পালানোর চেষ্টা করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। সেখানে তিনি স্বীকার করেন- ভুক্তভোগীর সঙ্গে তার ৬০ দিরহাম নিয়ে বিরোধ ছিল।
হাম্মাদ বলেন, তদন্তদলের দক্ষতা ছাড়াও তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশল এবং আধুনিক ক্যামেরার প্রশংসা করেন। অপরাধ কমাতে এবং রেকর্ড সময়ে অপরাধীদের গ্রেফতার করতে দুবাই পুলিশ উন্নত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।