নিজের লিভার দিয়ে মেয়ে বাঁচালেন বাবাকে, ইতিহাসের পাতায় নাম লেখালেন দেবানন্দা

ভারতের কেরালায় বাবাকে লিভারের অংশ দিয়ে ইতিহাস গড়লেন ১৭ বছর বয়সী মেয়ে দেবানন্দা। এর মধ্য দিয়ে দেশটির সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

দেবানন্দা দ্বাদশ শ্রেণির ছাত্রী। ভারতে আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের অঙ্গদান করার অনুমতি নেই। তবে বাবাকে বাঁচাতে বিষয়টি বিবেচনার জন্য কেরালা হাইকোর্টে আবেদন করেন তিনি।

আদালতের অনুমতি পাওয়ার পর দেবানন্দা গত ৯ ফেব্রুয়ারি তার অসুস্থ বাবা প্রথমশকে বাঁচাতে নিজের লিভারের একটি অংশ দান করেন। ৪৮ বছর বয়সী প্রথমশ কেরালার ত্রিশুর শহরের একটি ক্যাফের মালিক। তিনি দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভুগছিলেন।

প্রথমশকে কেরালার আলুভার রাজাগিরি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। দেবানন্দার বীরত্বপূর্ণ প্রচেষ্টার প্রশংসা করে বিনা টাকায় অস্ত্রোপচার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এক সপ্তাহ হাসপাতালে থাকার পর দেবানন্দাকে রিলিজ দেওয়া হয়। বাবাকে লিভারের একটি অংশ দান করে তিনি গর্বিত, খুশি এবং স্বস্তি পেয়েছেন। হাসপাতালের বেডে থাকা অবস্থায় আদর করে বাবাকে চুমুও দিয়েছেন ঐ কিশোরী।

ভারতে মানব অঙ্গ প্রতিস্থাপন আইন অনুসারে অপ্রাপ্তবয়স্কদের অঙ্গদানের অনুমতি দেওয়া হয় না। দেবানন্দা সমস্ত সম্ভাবনা অনুসন্ধান করে কেরালার হাইকোর্টে যান। পরে আদালত তাকে অঙ্গদান করার অনুমতি দেন। সাহসী ভূমিকার জন্য দেবানন্দার প্রশংসাও করেন আদালত।

সূত্র: এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *