বাংলার জন্য বড় সুখবর! কাকদ্বীপ-গঙ্গাসাগর নতুন রেলপথে সমীক্ষার অনুমোদন রেলবোর্ডের

বাংলার জন্য বড় খবর। রেল বোর্ডের তরফে বড় অনুমোদন মিলেছে। দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলেন। সেই আবেদনে অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী। রেলবোর্ডের অনুমোদনে এবার কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরে সমীক্ষার কাজ শুরু হচ্ছে। কাকদ্বীপ-গঙ্গাসাগর নতুন রেলপথের ফাইনাল লোকেশন সার্ভেতে (FLS) অনুমোদন দিল রেল।

গঙ্গাসাগরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় রেলের। পশ্চিমবঙ্গের কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত নতুন রেলপথের ফাইনাল লোকেশন সার্ভেতে অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। প্রস্তাবিত রেলপথের দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার। এই প্রকল্পে হুগলি নদীর উপর প্রায় ৪.৫ কিলোমিটার দীর্ঘ একটি রেলসেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্মাণ সম্পূর্ণ হলে এই সেতু দেশের দীর্ঘতম রেলসেতুগুলির অন্যতম হয়ে উঠতে পারে।

এই প্রকল্পে উপকৃত হবেন পুণ্যার্থী, স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা। গঙ্গাসাগর যাত্রা আরও সহজ ও সুবিধাজনক হবে। বর্তমানে মূল ভূখণ্ড থেকে গঙ্গাসাগরে পৌঁছতে মুড়িগঙ্গা নদী ফেরিতে পার হতে হয়। এরপর সড়কপথে যেতে হয় সাগরদ্বীপে। নতুন রেলপথ তৈরি হলে সাগরদ্বীপের সঙ্গে রেল যোগাযোগের সুযোগ তৈরি হবে। কমবে যাতায়াতের ভোগান্তি। বিশেষ করে প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাতায়াত আরও সহজ করার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

সাগরসঙ্গমে গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল এবং কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে গঙ্গাসাগর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। রেলমন্ত্রকের দাবি, এই প্রকল্প পর্যটনের প্রসার, স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং সামগ্রিক আঞ্চলিক উন্নয়নে সাহায্য করবে।

উত্তরাখণ্ডের ঋষিকেশ-কর্ণপ্রয়াগ নতুন রেলপথের পাশাপাশি গঙ্গার গতিপথ ধরে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর পর্যন্ত রেল যোগাযোগ উন্নত করার উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল। ফাইনাল লোকেশন সার্ভের অনুমোদন প্রকল্প বাস্তবায়নের পথে প্রাথমিক গুরুত্বপূর্ণ ধাপ। তবে এই অনুমোদন মানেই রেলপথ নির্মাণের কাজ শুরু হয়ে যাওয়া নয়। এখন সমীক্ষার কাজ শেষ হওয়ার পরই প্রকল্পের পরবর্তী ধাপগুলি নির্ধারিত হবে বলে জানা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *