মকর সংক্রান্তির ভিড় সামলাতে বড় উদ্যোগ? গঙ্গাসাগরে রেল যোগাযোগে নয়া আশার আলো

গঙ্গাসাগরের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করতে বড়সড় পদক্ষেপ করল ভারতীয় রেল। কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণের ফাইনাল লোকেশন সার্ভে (এফএলএস)-তে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্প রূপায়িত হলে দেশের অন্যতম প্রধান তীর্থস্থান গঙ্গাসাগরে যাতায়াত সহজ হবে পুণ্যার্থী, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রস্তাবিত এই রেলপথ গঙ্গাসাগরের যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। প্রকল্পের আওতায় হুগলি নদীর উপর প্রায় ৪.৫ কিলোমিটার দীর্ঘ একটি রেলসেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেতুটি তৈরি হলে তা দেশের দীর্ঘতম রেলসেতুগুলির অন্যতম হিসেবে জায়গা করে নেবে বলে জানানো হয়েছে।

বর্তমান যাতায়াত ব্যবস্থা ও মেলায় প্রভাব বর্তমানে কলকাতা-সহ মূল ভূখণ্ড থেকে গঙ্গাসাগরে যেতে হলে মুড়িগঙ্গা নদী ফেরিতে পার হতে হয়, তারপর সড়কপথে সাগরদ্বীপের বিভিন্ন অংশে পৌঁছতে হয়। নতুন রেললাইন চালু হলে যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

বিশেষত, মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলায় দেশের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী সমবেত হন। তাঁদের যাতায়াতে এই নতুন রেলপথ বড় ভূমিকা নিতে পারে। পাশাপাশি পর্যটন ব্যবসা, স্থানীয় অর্থনীতি এবং এলাকার সার্বিক উন্নয়নেও এই প্রকল্প ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদী রেল।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের মতো দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলির যোগাযোগ উন্নত করার যে উদ্যোগ ভারতীয় রেল নিয়েছে, কাকদ্বীপ-গঙ্গাসাগর নতুন রেলপথ সেই পরিকল্পনারই অংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *