মোদীকে চিঠির জের? ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ-মাহিরার পাক সিরিজ!

ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত পাকিস্তানি সিরিজের ভারতে মুক্তি ঘিরে তৈরি হওয়া জটিলতা আরও বাড়ল। দেশে যাতে কোনোভাবেই পাক সিরিজ ‘জো বাচায় হ্যায় সঙ্গ সামেট লো’ মুক্তি না পায়, সেই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি পাকিস্তানের সিরিজ বা যেকোনো কনটেন্ট ভারতে চিরতরে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠিও দেয় সংশ্লিষ্ট সংস্থা। এরই মধ্যে খবর মিলেছে, পাকিস্তানি সিরিজ প্রদর্শন বন্ধ করতে নেটফ্লিক্সকে নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং বিতর্কের আবহে কড়া অবস্থান নিয়েছে নেটফ্লিক্স।
সূত্রের খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তানি কনটেন্ট প্রদর্শনের নিয়মাবলি নেটফ্লিক্সকে মনে করিয়ে দেওয়া হয়েছে। একাধিক চলচ্চিত্র সংগঠনও নেটফ্লিক্সের এই উদ্যোগের বিরোধিতার পাশাপাশি কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। এরই মাঝে ইন্ডিয়া টুডে বিশেষ সূত্রে জানতে পেরেছে, ভারতে এই পাক সিরিজ মুক্তি দেবে না নেটফ্লিক্স। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, সিরিজটি ভারতীয় দর্শকদের জন্য উপলব্ধ হবে না এবং প্ল্যাটফর্মের আসন্ন তালিকা থেকেও এটি সরিয়ে নেওয়া হচ্ছে। নেটফ্লিক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সরকারের ২০২৫ সালের নির্দেশিকার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও একাধিক প্ল্যাটফর্মে এখনো কিছু পাকিস্তানি কনটেন্ট দেখা যায়, তবে সামগ্রিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
ট্রেলার ঘিরে বিতর্ক ও ২০২৫ সালের নির্দেশিকার প্রেক্ষাপট
গত ২৪ নভেম্বর সিরিজের ট্রেলার সামনে আসতেই বিতর্ক শুরু হয়। ভারতে এর মুক্তি রুখতে সরব হয় একাধিক চলচ্চিত্র সংগঠন—যার মধ্যে রয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। উভয় সংগঠনই স্ট্রিমিং বন্ধে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছে।
এই বিরোধিতার শিকড় রয়েছে ৮ মে, ২০২৫-এর সরকারি পরামর্শে। পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং তার জেরে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতে সক্রিয় ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিষেবা ও ডিজিটাল মধ্যস্থতাকারীদের পাকিস্তানি ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট ও অন্যান্য স্ট্রিমিং কনটেন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিল।
বিনোদনের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর বিতর্ক
সব মিলিয়ে বহু প্রতীক্ষিত এই সিরিজকে কেন্দ্র করে বিতর্ক এখন শুধু বিনোদন জগতে সীমাবদ্ধ নেই। সরকারি নির্দেশিকা, কূটনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং চলচ্চিত্র সংগঠনগুলির চাপের মুখে শেষ পর্যন্ত ফাওয়াদ ও মাহিরার সিরিজ থেকে ভারতীয় দর্শকদের বঞ্চিত রাখার পথেই হাঁটল নেটফ্লিক্স।