গোবর্ধন পরিক্রমায় অনন্ত অম্বানী! মন্দিরে পুজো সেরে কী বললেন তিনি?

গোবর্ধন পরিক্রমায় অংশ নিতে বৃন্দাবনে পৌঁছলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এগজিকিউটিভ ডিরেক্টর অনন্ত অম্বানী। শুক্রবার সেখানে পৌঁছতেই রাস্তার বিভিন্ন জায়গায় ভক্ত ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বৃন্দাবনে গিয়ে প্রথমে শ্রী গিরিরাজ মুখারবিন্দ মন্দিরে পুজো দেন অনন্ত অম্বানী। এরপর গিরিরাজ, যা গোবর্ধন পর্বত নামেও পরিচিত, তার পূর্ণ পরিক্রমা শুরু করেন তিনি এবং ধর্মীয় আচার পালন করেন। ভক্তরাও তাঁকে স্বাগত জানান।
পরিক্রমার পথে ব্রজভূমির সমৃদ্ধ সংস্কৃতি ও ভক্তির নানা ছবি ফুটে ওঠে। স্থানীয় শিল্পীরা কৃষ্ণলীলা পরিবেশন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন। সেই পরিবেশনা মুগ্ধ চোখে দেখেন অনন্ত অম্বানী। গোটা আয়োজনের মধ্যে দিয়ে ফুটে ওঠে ব্রজভূমির আধ্যাত্মিক আবহ ও সাংস্কৃতিক ঐতিহ্য।
নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে অনন্ত অম্বানী বলেন, তিনি গিরিরাজের পূর্ণ পরিক্রমা করছেন এবং ভগবান গিরিরাজ ধরণের চরণে থাকতে পারা তাঁর কাছে অত্যন্ত আনন্দের। ব্রজভূমির মানুষের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাঁরা সবাই গিরিরাজ ধরণের চরণে রয়েছেন। তাঁর কথায়, আজ তিনি সেখানে রয়েছেন তাঁর দাদু-ঠাকুমার জন্যই, কারণ তাঁদের আশীর্বাদ, স্নেহ ও দিকনির্দেশনাই তাঁকে সেখানে নিয়ে এসেছে। পূর্ণ পরিক্রমা করতে আসার কথা জানালে তাঁরা খুব খুশি হয়েছিলেন বলেও জানান তিনি, তাই তাঁদের হয়েও সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন।
এই পবিত্র স্থানে এসে নিজের অনুভূতির কথাও তুলে ধরেন অনন্ত অম্বানী। তিনি বলেন, সেখানে এসে যা অনুভব করেছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এবং গোটা পরিবেশে এক অনন্য ভক্তি ও আধ্যাত্মিকতার আবহ রয়েছে। ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করার পাশাপাশি বিশেষ করে ভারতের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করেছেন তিনি।
অনন্ত অম্বানীর এই সফর নিয়ে আনন্দ প্রকাশ করেছেন শ্রী গিরিরাজ জি মুখারবিন্দ মন্দিরের পুরোহিত গণেশ। তিনি জানান, অনন্ত অম্বানীর গিরিরাজ দর্শনে তাঁরা অত্যন্ত আনন্দিত। তাঁর বাবা-মা এবং দাদু-ঠাকুমার সঙ্গে গিরিরাজজির গভীর সম্পর্ক রয়েছে এবং তাঁরা নিয়মিত বিভিন্ন মন্দিরে পুজো ও দান করে থাকেন। তাঁর পরিবারের যশ ও সমৃদ্ধি আরও বৃদ্ধি পাক, এটাই পুরোহিতের প্রার্থনা।