স্ট্যালিনের দাবি মেনেছে কেন্দ্র? ডিলিমিটেশন বিল নিয়ে বড় মোড়, চাপে INDIA জোট!

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বিল নিয়ে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এতদিন যে বিলটির কড়া বিরোধিতা করে আসছিল ডিএমকে (DMK), এবার সেই বিলেই সমর্থনের ইঙ্গিত মিলছে দলীয় সূত্রে। কেন্দ্রের সংশোধিত প্রস্তাবে দলের প্রধান এম কে স্ট্যালিনের দাবিগুলি বিবেচনা করা হয়েছে বলে মনে করছেন ডিএমকের শীর্ষ নেতারা।

সংসদে এই বিলটিকে ডিএমকে সমর্থন করবে কি না, এমন প্রশ্নে দলীয় সূত্রের সংক্ষিপ্ত ইঙ্গিত, ‘মনে হচ্ছে তাই।’ নেতাদের কথায়, দলের শীর্ষ নেতৃত্ব যে দাবিগুলি তুলেছিলেন, কেন্দ্রের নতুন প্রস্তাবনায় সেগুলির প্রতিফলন দেখা যাচ্ছে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগে ডিএমকের এই সম্ভাব্য অবস্থান জাতীয় রাজনীতি ও বিরোধী জোটে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

স্ট্যালিনের মূল দাবি কী ছিল? সম্প্রতি ডিলিমিটেশন প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন এম কে স্ট্যালিন। তাঁর মূল দাবি ছিল, লোকসভার আসনসংখ্যা বাড়ানো হলেও সংসদে তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্ব অক্ষুণ্ণ রাখতে হবে। পাশাপাশি ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে লোকসভা আসন বণ্টনের যে অনুপাত রয়েছে, তা আরও ২৫ বছর অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছিলেন তিনি। স্ট্যালিন স্পষ্ট করেছিলেন যে এই বিষয়ে কোনও আপস করা হবে না এবং দক্ষিণের রাজ্যগুলির স্বার্থ রক্ষায় ডিএমকে প্রথম থেকেই সরব। যদিও কেন্দ্রের নতুন প্রস্তাবে স্ট্যালিনের উদ্বেগগুলি কিছুটা জায়গা পেয়েছে বলেই মনে করছে দলীয় মহল। তবে ভোটাভুটির সময়ই চূড়ান্ত অবস্থান স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।

বিজেপির প্রস্তাব ও কৌশলডিএমকে সূত্রের দাবি, লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে সমর্থন দেওয়ার জন্য দলকে বোঝানোর চেষ্টা করেছে বিজেপি। তাদের যুক্তি ছিল, এই প্রস্তাবে সম্মতি না দিলে জনসংখ্যার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণের পথ খোলা থাকতে পারে এবং ৮৪তম সংবিধান সংশোধনীর কাঠামো ব্যবহার করে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাতেই প্রক্রিয়া এগোনো সম্ভব। ডিএমকের পাশাপাশি দক্ষিণের অন্যান্য দলগুলির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে দাবি সূত্রের, যেখানে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিরোধিতা করলে দক্ষিণের রাজ্যগুলির স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে বলে বার্তা দেওয়া হয়েছে।

বিজয়ের TVK-র কড়া আক্রমণ এদিকে ডিলিমিটেশন বিল নিয়ে ডিএমকের অবস্থান প্রকাশ্যে আনার দাবি তুলেছে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে TVK জানতে চেয়েছে, সংসদে দলের সাংসদরা এই বিলের বিরুদ্ধে ভোট দেবেন কি না। তামিলনাড়ুর স্বার্থ রক্ষার কথা বললেও রাজনৈতিক সুবিধামতো ডিএমকে অবস্থান বদলাচ্ছে বলে অভিযোগ তুলেছে তারা। এমনকী ভোটাভুটি এড়িয়ে যাওয়া বা ওয়াকআউট করলে তা বিজেপির কাছে আত্মসমর্পণের সমান হবে বলেও মন্তব্য করেছে TVK।

কেন্দ্রের নতুন প্রস্তাবে কী রয়েছে?আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন সংক্রান্ত নতুন প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। ২০২৯ সাল থেকে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। প্রস্তাবে লোকসভার আসনসংখ্যা ৫০ শতাংশ বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার কথা বলা হয়েছে, তবে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের বর্তমান অনুপাত বজায় রাখার কথাও উল্লেখ রয়েছে। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংসদে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হওয়ায় ডিএমকের ২২ জন লোকসভা সাংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে শেষ পর্যন্ত ডিএমকে কোন পথে হাঁটে, তা স্পষ্ট হবে সংসদের অধিবেশনেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *