ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ ও হেনস্তার অভিযোগ! এসআরএফটিআইয়ের মূল ফটকে অবস্থান ছাত্রীদের

মোবাইল ফোনে আন্দোলনরত ছাত্রীদের ছবি ও ভিডিয়ো তোলার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) ক্যাম্পাস। নিরাপত্তারক্ষীরা কার নির্দেশে ছবি ও ভিডিয়ো তুলছেন, তা স্পষ্ট করতে উপাচার্যের জবাবদিহির দাবিতে শুক্রবার সকাল থেকে প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন মহিলা পড়ুয়াদের সংগঠনের সদস্যরা।

আন্দোলনকারী ছাত্রী অনামিকার অভিযোগ, গত দেড় থেকে দু’মাস ধরে নিরাপত্তারক্ষীরা নিজেদের মোবাইল ফোনে ছাত্রীদের ছবি ও ভিডিয়ো তুলছেন, যা ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ ও যৌন হেনস্তার শামিল। তাঁর দাবি, নিরাপত্তারক্ষীদের এক আধিকারিক জানিয়েছেন যে ‘উপর থেকে’ এই নির্দেশ এসেছে—যা দিয়ে উপাচার্যকেই ইঙ্গিত করা হয়েছে বলে আন্দোলনকারীদের দাবি; তাঁদের কাছে প্রমাণও রয়েছে বলে দাবি করেছেন অনামিকা। ছাত্রীদের আরও অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখিয়ে উপাচার্য অভিযোগ অস্বীকার করলেও ব্যক্তিগত ফোনে রেকর্ডিংয়ের বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না এবং শৌচাগার পর্যন্ত অনুসরণ করার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা।

নিরাপত্তা বিভাগ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিক্ষোভ থেকে নিরাপত্তা বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। ছ’জন নিরাপত্তারক্ষীকে বরখাস্ত করা হলেও নিরাপত্তা বিভাগের প্রধান প্রবীর মুন্সির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয় বলে অভিযোগ তাঁদের। হেনস্তা ও মারধরের অভিযোগে অভিযুক্তদের পাশাপাশি যাঁরা নির্দেশ দিয়েছেন বা মদত জুগিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ এবং প্রশাসনের কোন স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। উপাচার্য সামনে এসে স্পষ্ট জবাব না দেওয়া পর্যন্ত মূল ফটকের সামনে অবস্থান চলবে বলে জানিয়েছেন ছাত্রীরা। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *