‘যাদের বিধায়ক সংখ্যা বেশি, তারাই বিরোধী দলনেতা হবে!’ হাইকোর্টের রায়ের পর বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করার যে সিদ্ধান্ত বিধানসভার অধ্যক্ষ নিয়েছিলেন, তা বাতিল করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার স্পিকারের নেওয়া সিদ্ধান্তকে খারিজ করে বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, অধ্যক্ষকে ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। আদালতের এই রায়ের পরই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্পিকারের উচিত যার পক্ষে বিধায়ক সংখ্যা বেশি রয়েছে, তাকেই বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমার যতটুকু জানা, ডিটিএমসি-র বিধায়ক সংখ্যাই বেশি। স্পিকার কী সিদ্ধান্ত নেবেন, সেটা সম্পূর্ণ তাঁর বিষয়। তবে আমার জানা অনুযায়ী, যে দলের পক্ষে বিধায়কের সংখ্যা বেশি থাকে, বিরোধী দলনেতার স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে সেই সংখ্যাই গুরুত্বপূর্ণ। যদিও তৃণমূলের অস্তিত্বই আর নেই। তাই স্পিকারের উচিত, যে পক্ষের বিধায়ক সংখ্যা বেশি, তাদেরই বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া।”

প্রসঙ্গত, গত ৩ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। শুক্রবার হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, অধ্যক্ষের এই সিদ্ধান্তের কোনও আইনি বৈধতা নেই।

উল্লেখ্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। দলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কেই বিরোধী দলনেতা নির্বাচনের জন্য অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছিল।

শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় জানান, “তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বার অধ্যক্ষকে চিঠি দেওয়া সত্ত্বেও শোভনদেব চট্টোপাধ্যায়কে শুনানির কোনও সুযোগ না দিয়েই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন স্পিকার। আর বিধানসভায় গণতান্ত্রিক তৃণমূল বলে কোনও দল নথিভুক্ত নেই; সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামই নথিভুক্ত আছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *