“ভারত থেকে ইন্দোনেশিয়া, বিপদে কোটি কোটি মানুষের খাবার”: কৃষ্ণসাগর-সঙ্কটে কড়া সতর্কবার্তা জেলেনস্কির

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের জেরে কৃষ্ণসাগর দিয়ে কৃষিপণ্য রফতানি ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে খাদ্যসঙ্কটের আশঙ্কা প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ‘ফুড ফ্রম ইউক্রেন সামিট’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি সতর্ক করেন যে আলজেরিয়া, ভারত, সুদান ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে কোটি কোটি মানুষের খাদ্য সরবরাহ ঝুঁকির মুখে পড়ছে।

জেলেনস্কির মতে, শস্য, আটা ও সূর্যমুখী তেলের মতো কৃষিপণ্যের জন্য বিশ্বের বহু দেশ ইউক্রেনের উপর নির্ভরশীল। রফতানি ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে পণ্যের ঘাটতি দেখা দেবে এবং দাম বাড়বে। বিকল্প রুট হিসেবে ইউরোপের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘সলিডারিটি লেন’ সচল রাখা এবং আরব দেশ ও তুরস্কের সঙ্গে সমন্বয়ের কথাও জানান তিনি। পাশাপাশি ইউক্রেনের কৃষকদের পরবর্তী মৌসুমের চাষাবাদের জন্য রফতানি পথ খোলা রাখা জরুরি বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও এই পরিস্থিতির বৈশ্বিক প্রভাব নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি ডিকার্লো কৃষ্ণসাগরে ড্রোন হামলার ফলে নৌ-চলাচলের ঝুঁকি এবং খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটার কথা তুলে ধরেন।

অন্যদিকে, একই মঞ্চে সামুদ্রিক পথের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন খাদ্য সরবরাহের পক্ষে জোর সওয়াল করেছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ জানান, কৃষ্ণসাগরের শস্যভাণ্ডার ও ভারত মিলিয়ে বিশ্বের মোট খাদ্যশস্য উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশ আসে। ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন যে বৈশ্বিক খাদ্য সরবরাহে ব্যাঘাত ঘটলে গ্লোবাল সাউথের দেশগুলোতে মারাত্মক প্রভাব পড়তে পারে। এর পাশাপাশি সাম্প্রতিক ইস্ট এশিয়া সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাদ্য, জ্বালানি ও সার নিরাপত্তার বিষয়টি তুলে ধরে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *